রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে আজ রোববার উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ছাত্রজোটের নেতারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আন্দোলনরত ছাত্রজোটের দাবি ‘অযৌক্তিক’।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ ঘটনা নিয়ে দুই দফায় একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রজোট। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তালা ভেঙে কার্যক্রম চালিয়েছে। এদিকে বিভিন্ন খাতে ফি বাড়ানোর বিষয়টি উল্লেখ করে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে একটি প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারপত্রে বলা হয়েছে, মিড সেমিস্টার ফি ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা ও হলভাড়া এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি গড়ে এক হাজার ৫০০ টাকা বাড়ানো হয়েছে। গত ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল সাত হাজার ৪৯০ টাকা। যা বর্তমান ২০১৩-১৪ শিক্ষাবর্ষে নয় হাজার ১৫ টাকা থেকে নয় হাজার ৫২৫ টাকা করা হয়েছে। হল সংযুক্তি ফি এক হাজার টাকা অনেক বেশি বলে মনে করছেন ছাত্রনেতারা।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আগে শুধু মিড সেমিস্টার ফি ৩৫ টাকা নেওয়া হতো। অন্য কোনো ফি নেওয়া হতো না। এখন এর সঙ্গে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ফি ও ইনকোর্স টিউটোরিয়াল পরীক্ষার খাতা সরবরাহের জন্য অতিরিক্ত ১৫ টাকা নেওয়া হচ্ছে। এর ফলে ৩৫ টাকার সঙ্গে আরও ১৫ টাকা যুক্ত করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগে যাঁরা ভর্তি হয়েছিলেন তাঁদের হলভাড়া নেওয়া হতো না। এখন নতুন হল নির্মাণ হওয়ায় হল সংযুক্তি ফি এক হাজার টাকা নেওয়া হচ্ছে। ছাত্রকল্যাণ ফি ১০০ টাকা ও ছাত্রসংসদ ফি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আহসান হাবিব তাঁদের দাবি ন্যায়সংগত বলে দাবি করে বলেন, এভাবে বিভিন্ন খাতে টাকা বাড়ানো অযৌক্তিক। ছাত্রকল্যাণ ফি নেওয়া হলেও তা ব্যবহার করা হয় না। ছাত্র সংসদ নেই কিন্তু ছাত্র সংসদ ফি ঠিকই নেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে এসব টাকা আদায় করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এসব সমস্যার সমাধান না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আবু কালাম ফরিদ উল ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা উপকরণের দাম বেড়েছে। এ ছাড়া আগে বিভিন্ন বিষয়ের ফি নেওয়া হতো না। এখন তা আরোপ করা হয়েছে। আর নতুন হল হওয়ায় হল সংযুক্তি ফি নেওয়া হচ্ছে। ছাত্রকল্যাণ ও ছাত্র সংসদ ফি যা নেওয়া হয় তা ব্যয় করা না হলেও ওই খাতেই জমা রাখা হচ্ছে।
প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে গত রবি ও সোমবার একাডেমিক ভবনের প্রধান ফটকে দুই দফায় তালা লাগিয়ে দেওয়া হয়। এতে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে বিঘ্ন ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা ভেঙে ফেলে। এরপর প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্বাভাবিক হলেও ছাত্রজোটের আন্দোলনের কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধার মুখে পড়তে হয়।
ছাত্রজোটের অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হচ্ছে। কর্তৃপক্ষ তাঁদের দাবি আদায়ের চলমান আন্দোলনের ব্যানার ও সমাবেশের মাইক্রোফোন কেড়ে নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ছাত্রজোটের পক্ষ থেকে তালা দেওয়া হলেও তা ভেঙে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়।
এ ব্যাপারে উপাচার্য এ কে এম নূর-উন-নবীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।