টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগসহ ‘সব বিভাগে’ বর্ধিত ফি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে গতকাল মঙ্গলবার ধর্মঘট পালিত হয়েছে। তবে কতগুলো বিভাগ ফি বাড়িয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি ধর্মঘট আহ্বানকারী নেতারা।
প্রগতিশীল ছাত্রজোট এই ধর্মঘট ডেকেছে। সকাল সাড়ে ছয়টায় জোটের নেতা-কর্মীরা অনুষদ ভবন দুটির প্রধান পাঁচটি ফটকে তালা লাগিয়ে দেন। আটটার দিকে বেশ কিছু শিক্ষার্থী ক্লাস করতে এলেও ভবন তালাবদ্ধ থাকায় ফিরে যান। বেলা একটা পর্যন্ত এ ধর্মঘট চলে। তবে সকাল ১০টায় জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনের মরদেহ কলা ভবনের সামনে আনা হলে ধর্মঘট শিথিল করে মূল ফটকের তালা খুলে দেন আন্দোলনকারীরা। তাঁর মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়ার পর ১১টা থেকে আবার ধর্মঘট শুরু হয়। বেলা একটায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে নেতারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় চলবে রাষ্ট্রের টাকায়। কিন্তু যেভাবে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে, একদিন আর দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিতে পারবে না।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মারুফ বিল্লাহ প্রথম আলোকে বলেন, প্রায় প্রতিটি বিভাগে অন্তত ২০০ থেকে ৫০০ টাকা ফি বাড়ানো হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এই বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির টিউশন ফি চার বছরে এক লাখ ৩৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আট সেমিস্টারে ভাগ করে এই ফি নেওয়া হবে।
আন্দোলনকারীরা বলছেন, এই বড় অঙ্কের টাকা নেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতিবিরুদ্ধ। অন্যান্য বিভাগে স্নাতক পর্যায়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়।
বেশি ফি রাখার বিষয়ে জানতে চাইলে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম বলেন, বিষয়টি মূলত ব্যবহারিক। এর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি প্রয়োজন। এর দৈনন্দিন ব্যবহার, রক্ষণাবেক্ষণ, ব্যবহারিক ক্লাসের সংখ্যা অন্য বিভাগ থেকে ভিন্ন। ফলে একটু বেশি ফি নির্ধারণ করতে হয়েছে।