ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে ও আগের ফি বহাল রাখার দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে রোববার দুপুর সাড়ে ১২টায় অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। সংগঠনের আহ্বায়ক অনীক ধরের সভাপতিত্বে সমাবেশে ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখার সদস্য সুদীপ্ত বিশ্বাস, ইশরাত রাহী প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা ভর্তির আবেদন ফি বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
এ বছর ভর্তির আবেদন ফি গ্রুপভিত্তিক ৫০ টাকা করে বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য বলেন, ‘আমি স্মারকলিপিটি পেয়ে সেটি ভর্তি পরীক্ষা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি।’