ফি মাসে ৫০ হাজার টাকা ঘুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার জেলা খাদ্য নিয়ন্ত্রক ও তাঁর প্রধান অফিস সহকারীর বিরুদ্ধে সাতটি উপজেলার খাদ্যগুদাম থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খাদ্য বিভাগের ঠিকাদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও গুদাম কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তারা জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার হালদার সদর, তজুমদ্দিন, লাল-মোহন ও বোরহানউদ্দিন উপজেলা গুদামপ্রতি আট হাজার টাকা করে ৩২ হাজার এবং শশীভূষণ, চরফ্যাশন মুখরবান্দা ও দৌলতখান উপজেলা খাদ্যগুদাম থেকে ছয় হাজার টাকা করে ১৮ হাজার টাকা প্রতি মাসে ঘুষ নিচ্ছেন।এ ছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে মাসে প্রতিটি গুদামে প্রায় ১০ হাজার টাকার স্টেশনারি সরঞ্জাম (খাতা, কলম, ফটোকপি, সুতা, রেজিস্টারসহ নানা দ্রব্য) দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রক ও প্রধান অফিস সহকারী হুমায়ুন কবীর ভুয়া বিল-ভাউচার তৈরি করে বছরে এ খাতে কয়েক লাখ টাকা আত্মসাৎ করছেন। এ ছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসকক্ষকে অতিথিশালা বানিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের নিম্নপদস্থ কর্মচারীরা বসবাস করছেন।সুবোধ কুমার হালদার বলেন, ‘আমার ও কর্মচারীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তা ও ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়া হয় না। আমাদের রেস্টহাউস না থাকলেও রেস্টহাউসের অনুমতি আছে। সে কারণে কর্মচারীরা অফিসকক্ষে বসবাস করছেন।’দক্ষিণ দিঘলদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের চাঁদাবাজির কারণেই উপজেলা পর্যায়ের খাদ্য কর্মকর্তারা চেয়ারম্যান, ঠিকাদার ও উন্নয়নকাজ বাস্তবায়ন কমিটির সভাপতিদের (সিপিসি) কাছ থেকে ঘুষ নিচ্ছেন। এ ছাড়া টিআর, কাবিখা, ভিজিডি ও ভিজিএফের চাল গোপনে কর্মকর্তারা কিনে ব্যবসা করছেন এবং ‘গুদাম খরচা’র নামে মাল কম দিচ্ছেন। একাধিক ঠিকাদার অভিযোগ করেন, ৩০০ টন খাদ্যশস্য এক গুদাম থেকে আরেক গুদামে নেওয়ার বিল পাস করাতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহকারী হুমায়ুন কবীর পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন। মাঝে মাঝে বেশিও দিতে হচ্ছে। চরফ্যাশন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীব কুমার চাকমা বলেন, ‘বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ জন্য আমি গত জুলাই মাসে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’