ফিউচার লিডার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান
‘ফিউচার লিডারস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের ব্যবসায়িক নেতৃত্ব তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সেরা চার মেধাবীকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘ফিউচার লিডারস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার ছিল সমাপনী অনুষ্ঠান। সেরা চার মেধাবী হলেন, ব্র্যাক ইউনির্ভাসিটির মুকিত আল রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের ফারহানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের আফিফা কাপুরি ও রাইসা তাসনুভা। অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, মানবসম্পদ ও ব্যবস্থাপনা প্রশাসন, বাণিজ্যিক কার্যক্রম ও বিজ্ঞাপন এই তিন ক্ষেত্রে প্রতিযোগীদের বাছাই করা হয়।এ প্রতিযোগিতার যৌথ আয়োজক প্রথম আলো জবস ও ব্র্যাক ইউনিভার্সিটি। পৃষ্ঠপোষকতায় ছিল মুঠোফোন কোম্পানি ‘রবি’। বিইডুটেক সলিউশনের পিপীলিকা ব্র্যান্ডের অধীনে এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছিল গত ২০ মে। ৯ জুলাই শুরু হয় চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান। বাছাইয়ের বিভিন্ন পর্ব শেষে তৃতীয় ও চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগীদের নির্বাচন করেন দেশের করপোরেট জগৎ ও শিক্ষা ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিরা। গতকাল সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সনদ বিতরণের আগে বাণিজ্যমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে নেতৃত্বদানে যোগ্য করে তুলতে প্রথম আলো জবস ও মুঠোফোন কোম্পানি রবির এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বদরবারে উজ্জ্বল করে তুলতে এসব তরুণ নেতৃত্ব সক্ষম হবেন বলে তিনি বিশ্বাস করেন। রবির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ বলেন, ২০১৫ সালের মধ্যে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসেবে গড়ে তোলাই রবির লক্ষ্য। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. গোলাম সামদানি ফকির, রেজিস্ট্রার ইশফাক এলাহী চৌধুরী, বাংলাদেশ এন্টারপ্রাইজ অব এডুকেশন অ্যান্ড টেকনোলজি (বিইডুটেক) সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ কামাল। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলো জবসের প্রধান শৈবাল কুমার কানুনগো।