ফিচার পাতা মিলেমিশে সবমিশালি

‘মেলায় যাই রে’ আর ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’ গানের তালে তালে মঞ্চে হাঁটছেন মডেলরা। র্যাম্প মডেলদের হাঁটার প্রচলিত রেওয়াজ, তার ধারে-কাছেও নেই কেউ। তবু একেকজন হেঁটে আসছেন আর দর্শকেরা তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছেন তাঁদের।
কারণ, এদেঁর কেউই পেশাদার র্যাম্প মডেল নন। প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঠকমেলায় আসা পাঠকেরাই র্যাম্প মডেল হয়ে উঠেছিলেন গতকাল। র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ দর্শকদের নিয়েই বাংলা একাডেমি চত্বরে ভাষা-শহীদ ভাস্কর্যের পাশের সবমিশালি মঞ্চে করে ফেললেন ছোটখাটো ফ্যাশন শো। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ডিজাইনার মাহিন খান, কানিজ আলমাস খান, মডেল ফারিয়া, বুলবুল, টুম্পাসহ অনেকে। এই মঞ্চে দিনভর নানা আনন্দ আয়োজনে মেতে ওঠেন প্রথম আলোর পাঠকেরা। পত্রিকার বিভিন্ন ফিচার পাতা পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।
‘নকশা’ পাতার আয়োজনে অনুষ্ঠিত ফ্যাশন শোতে পাঠকদের সরব উপস্থিতি দেখে দেশের প্রতিষ্ঠিত র্যাম্প মডেলরাও বললেন, ‘আমাদের এত এত মডেল আছেন, তাঁরা এত ভালো করেছেন। বলতেই হবে—কালকের পৃথিবীটা আমাদের হবে।’ আর র্যাম্প মডেলে অংশ নিয়ে মহা খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মশিউর রহমান বললেন, ‘প্রথম আলোকে ধন্যবাদ, নয়তো এত এত জনপ্রিয় মানুষের সঙ্গে মঞ্চে ওঠার সৌভাগ্য হতো কি না জানি না।’
এর আগে ছুটির দিনের স্টলে পাঠকের সমস্যার সরাসরি সমাধান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহতাব খানম। তাঁকে কাছে পেয়ে পাঠকদেরও যেন সমস্যার শেষ হচ্ছিল না। তাঁদের সমস্যার সহজ সমাধান দিচ্ছিলেন তিনি।
আবার সবমিশালি মঞ্চে রস+আলোর সবজান্তা সমীপেষুর সবজান্তাকে পেয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল উদ্ভট সব প্রশ্ন নিয়ে। সবজান্তাও কম যান না। মঞ্চের আড়াল থেকে উদ্ভট সব প্রশ্নের উদ্ভট সব উত্তর দিয়ে দর্শক মাতালেন তিনি।
‘রস+আলো’, ‘স্বপ্ন নিয়ে’, ‘ছুটির দিনে’ পাঠক ও দর্শকদের জন্য আয়োজন করেছিল কুইজের। সে কুইজের পুরস্কার দেওয়া হলো সবমিশালির মঞ্চেই। ছুটির দিনের কুইজের ড্র ছিল প্রতি ঘণ্টায়, রস+আলোর ছিল সারা দিনে দুবার।
‘স্বপ্ন নিয়ে’ পাতার আয়োজনে কুইজের পুরস্কার দিতে এসেছিলেন ৩১তম বিসিএসে প্রথম হওয়া ফারহানা জাহান। তরুণদের বিসিএস প্রস্তুতি নেওয়ার কৌশলও বাতলে দিলেন তিনি। আরও এসেছিলেন তরুণ উদ্যোক্তা বিপাশা মতিন।
প্রথম আলোর ফিচার পাতা ‘আনন্দ’, ‘অধুনা’, ‘রস+আলো’, ‘স্বপ্ন নিয়ে’, ‘ছুটির দিনে’, ‘নকশা’ পৃথক স্টল তৈরি করে। সেগুলো পাঠকেরা ঘুরে দেখেন। কথা বলেন পাতার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। অধুনার স্টলে ছিলেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, আহমেদ হেলাল ও মেখলা সরকার, চিকিৎসক শুভাগত চৌধুরী এবং পুষ্টিবিদ আক্তারুন নাহার ও শামছুন্নাহার নাহিদ। তাঁরা পাঠকের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। এ ছাড়া অধুনা, স্টাইল ও দুই প্রজন্ম বিভাগে কাজ করেছেন—তারকা জগতের এমন অনেকেই সেখানে উপস্থিত হন।
রস+আলোর স্টলে পাঠকদের প্রশ্ন করা হয় তাঁরা ‘বদ’ নাকি ‘না’? যাঁরা বলেছেন ‘না’ তাঁদের সবাইকে একটি বদনা ঝোলানো মালা দেওয়া হয়েছে। এ ছাড়া ছিল এলিয়ান দেখুন ও রসালো গুহা। নিজের এলিয়ন ছবি দেখেছেন পাঠকেরা। এ ছাড়া গাধার সঙ্গে নিজের সেলফি তোলারও বিরল সুযোগ পেয়েছেন পাঠকেরা।
সবচেয়ে বেশি ভিড় ছিল নকশার স্টলে। যার ছবি ভালো হবে, সে নকশার মডেল হতে পারবে এমন ঘোষণায় সেখানে ছবি তোলার ভিড় লেগেই ছিল সারাক্ষণ। এ ছাড়া ছিল মেহেদির রঙে হাত রাঙানোর সুযোগ।
হেসে-খেলে এভাবেই একটি দিন পার করলেন প্রথম আলোর পাঠকেরা।