ফিজিওথেরাপি করতে হবে সনদপ্রাপ্তদের তত্ত্বাবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে ফিজিওথেরাপি শুধু ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) সনদপ্রাপ্তদের তত্ত্বাবধানে করতে হবে।
রাঙামাটিতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ফিজিওথেরাপি সচেতনতা ও প্রচারণা-বিষয়ক সেমিনারে বক্তারা এই দাবি জানান।
শহরের কালিন্দিপুর এলাকায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে চিটাগং পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (সিপিআরসি) ও চট্টগ্রামের সাগরিকা রোটারি ক্লাবের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিআরসির চেয়ারম্যান মো. কামরুজ্জামান। সেমিনারে বক্তারা বলেন, বিভিন্ন ধরনের বাত-ব্যথা, প্যারালাইসিস, আঘাতজনিত ব্যথা, বয়সজনিত সমস্যা, হাত-পা অবশসহ মুখ বেঁকে যাওয়া, শিশুদের জন্মগত সমস্যাজনিত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। অথচ জনগণের সচেতনতার অভাবে এবং এই জটিল সমস্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র, প্রতিবন্ধীদের সংগঠন, বেসরকারি সংস্থা ফিজিওথেরাপি যন্ত্রপাতি কিনে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এই কাজে জড়িত ব্যক্তিদের অনেকের ফিজিওথেরাপি বিষয়ে কোনো সনদ নেই। এ কারণে অনেক রোগী ক্ষতিগ্রস্ত হন। অপচিকিৎসা দূর করতে হলে ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা দরকার।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহি বনানী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রোটারি ইন্টারন্যাশনালের সদস্য মো. তৈয়ুব চৌধুরী, রোটারিয়ান আমিন সোহেল, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের রাঙামাটির পরামর্শক উক্রা চিং মারমা। সঞ্চালনায় ছিলেন ফিজিওথেরাপিস্ট ঝুমালিয়া চাকমা।