ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা
রাজধানীর মহাখালীতে ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) পেছনের জায়গায় ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের কাজ শুরু হয়। এর দুই দিন পর ১৪ আগস্ট স্থানীয় সন্ত্রাসীরা নির্মাণশ্রমিকদের কাজে বাধা দেয়। তারা কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়।নির্মাণকাজ তত্ত্বাবধানকারী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল আজিম জানান, নির্মাণ শুরু করতে গেলেই সন্ত্রাসীরা বাধা দেয়। এ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে গুলশান থানাকে জানানো হয়েছে। প্রকৌশলী বলেন, জমি নিয়ে সরকারের সঙ্গে উচ্ছেদকৃতদের মামলা চলছে।ফিজিওথেরাপি কোর্সের শিক্ষার্থীরা জানান, তাঁদের বিভিন্ন দাবি ও কর্মসূচির মুখে স্বাস্থ্য অদিপ্তর ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে আইসিডিডিআরবির পেছনের সোয়া পাঁচ একর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভবন নির্মাণের কাজ শুরু করে। উচ্ছেদ হওয়া এই জমিতে সন্ত্রাসী রিপন, লিটন, মালেক, সেলিম, রতন, ওমর, দেলোয়ার, আজিজ, জলিল, আনসার, সুলতান, মিনু ও রঞ্জু তালুকদার ঘর তুলে মাদক ব্যবসা করত। উচ্ছেদের পর তাদের মাদক ব্যবসা বন্ধ হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। ভবন নির্মাণের কাজ দেখতে গেলে তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।জানতে চাওয়া হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের বাধার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে—এ কথা ঠিক নয়। অন্য কোনো কারণে কাজ বন্ধ থাকতে পারে। সেখানে প্রতিদিন পুলিশ মোতায়েন করা হচ্ছে।