ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষার দুরবস্থা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, সারা বিশ্বে শারীরিক প্রতিবন্ধী ও চলাফেরা সমস্যায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০০ কোটি মানুষ। বাংলাদেশে এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রায় দেড় কোটি। এদের সুস্থ করতে ফিজিওথেরাপিই অন্যতম চিকিৎসা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই চিকিৎসার গুরুত্ব, ভূমিকা ও অবদান মানুষের কাছে পৌঁছে দিতে ১৯৫১ সাল থেকে প্রতিবছর ৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। এ দিনে ফিজিওথেরাপিস্টরা এই পেশার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরেন। এবারের স্লোগান ‘মুভমেন্ট ফর হেলথ অ্যান্ড ফিট ফর লাইফ থ্রু কনটিনিউয়াস মুভিং’। বিশ্বের বিভিন্ন দেশের মতো এ দেশে অসংক্রামক ব্যাধির দ্রুত বিকাশ ঘটছে। বাতের ব্যথা, পক্ষাঘাতগ্রস্ততা, ডায়াবেটিস, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ), হূদেরাগ ও অটিজম সমস্যায় মানুষ আক্রান্ত হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগেও মানুষ শারীরিক প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এ ধরনের রোগীদের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প নেই। তবে দেশে ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষার দুরবস্থা চলছে বলে অভিযোগ করেছেন এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ফিজিওথেরাপি শিক্ষার জন্য এখন পর্যন্ত দেশে সরকারি স্বতন্ত্র কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ২০০৮ সালের সেপ্টেম্বরে মহাখালীতে ফিজিওথেরাপি কলেজের জন্য সোয়া পাঁচ একর জমি বরাদ্দ করা হয়। কিন্তু সেখানে গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদ করে গত সাড়ে চার বছরেও কলেজ ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি।বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, চিকিৎসকদের একটি অংশের বিরোধিতায় ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষা বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত। চিকিৎসকদের একটি অংশ ফিজিওথেরাপিস্টদের চিকিৎসক মানতে রাজি নন। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মো. শাহাদৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই দিনে আমরা সরকারের কাছে আশা রাখব যাতে একজন ফিজিওথেরাপিস্ট তাঁর সম্মানসহ কাজ করার সুযোগ পান এবং সরকারি পর্যায়ে কাজের অবস্থান তৈরি হয়।’ চার দশক আগে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন স্নাতক ফিজিওথেরাপি ও অর্থোপেডিক চিকিৎসা চালু হয়। অর্থোপেডিক চিকিৎসা অনেক পথ পাড়ি দিলেও ফিজিওথেরাপি চিকিৎসা অবহেলিত রয়ে গেছে। ১৯৭৩ সাল থেকে পঙ্গু হাসপাতালে এক কক্ষে ফিজিওথেরাপি শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে দুই শতাধিক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একজন ফিজিওথেরাপি শিক্ষক। সরকার অস্থায়ী ভিত্তিতে ফিজিওথেরাপি শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বললেও তা পূরণ করেনি। এসব কারণে সেশনজটে আটকে চার বছরের কোর্স সম্পন্ন করতে সময় লাগে ছয় থেকে সাত বছর। বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির সাবেক সভাপতি দলিলুর রহমান বলেন, বিপুলসংখ্যক অক্ষম জনগোষ্ঠীকে সুস্থ করতে কয়েক যুগেও কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়নি। প্রশাসনিক গাফিলতি ও স্বার্থান্বেষী একটি চিকিৎসক মহলের বিরোধিতার কারণে ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষার বর্তমান এই দুরবস্থা।