ফিজিওথেরাপি চিকিৎসা হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মাংসপেশি, শরীরের বিভিন্ন স্থানে হাড়ের সংযোগস্থল ও বাতসহ বিভিন্ন ধরনের ব্যথামুক্ত থাকার নিরাপদ ও ঝুঁকিমুক্ত চিকিৎসা ফিজিওথেরাপি। কিন্তু দেশে স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নির্মাণ, স্বতন্ত্র কাউন্সিল প্রতিষ্ঠা ও স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন না করায় এই চিকিৎসাব্যবস্থা বর্তমানে হুমকির মুখে পড়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এই সেমিনারের আয়োজন করে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক স্নাতক ফিজিওথেরাপিস্ট ছাড়াও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকেরা সেমিনার অংশ নেন। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাতব্যথার নিরাপদ চিকিৎসা ফিজিওথেরাপি’।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ফিজিওথেরাপিস্টরা দেশে এখন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিতে সক্ষমতা অর্জন করেছে। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অর্থোফিজিওথেরাপি, নিউরোফিজিওথেরাপি, কার্ডিওরেসপেরেটরি ফিজিওথেরাপি, রিহ্যালিটিভ ফিজিওথেরাপি, পেড্রিয়াটিক ফিজিওথেরাপিসহ সাতটি বিভাগে স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টরা চিকিৎসাসেবা দিচ্ছেন। কিন্তু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টদের কোনো পদ সৃষ্টি করা হয়নি। অথচ ১৯৭৩ সালের মেডিসিন অনুষদের অধীন অর্থোপেডিক ও ফিজিওথেরাপি স্নাতক কোর্স একই সঙ্গে চালু হয়েছিল। কিন্তু বাংলাদেশে স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নেই। অর্থোপেডিক শিক্ষা ও চিকিৎসা অনেক দূর এগিয়ে গেলেও সরকারি মেডিকেল কলেজের কতিপয় চিকিৎসকের বাধার কারণে ফিজিওথেরাপি চিকিৎসা এখন বিপর্যয়ের মুখে পড়েছে।
সেমিনারে বক্তব্য দেন কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এম এ মহসিন প্রমুখ। আলতাফ হোসেন সরকারের সভাপতিত্বে সেমিনারে ফিজিওথেরাপি চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন বিপিএর সহসভাপতি দলিলুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী।