ফিজিওথেরাপি বিভাগের নাম ও পদমর্যাদা পুনর্বহালের দাবি
দেশের হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগগুলোর নাম পরিবর্তন করে ফিজিক্যাল মেডিসিন করার মাধ্যমে এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলা হয়েছে। ফিজিওথেরাপি বিভাগের নাম পুনর্বহাল ও স্বতন্ত্র কাউন্সিল গঠনের মাধ্যমে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছে ফিজিওথেরাপিস্টদের সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। গতকাল রোববার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিপিএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিজিওথেরাপিস্টরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাত ব্যথা, পক্ষাঘাত, প্রতিবন্ধিতায় অনস্বীকার্য ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। নিজেদের অস্তিত্ব-সংকটে ভুগছেন এই পেশার চিকিৎসকেরা। ফিজিওথেরাপি বিভাগের নাম পরিবর্তন করে ফিজিক্যাল মেডিসিন করা ও সরকারি চাকরির ক্ষেত্রে পদমর্যাদা প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে নেওয়ার মাধ্যমে এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলা হয়েছে।
বক্তারা বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যাসোসিয়েশন সম্প্রতি অন্যায়ভাবে ফিজিওথেরাপি চিকিৎসকদের সরকারের নিয়োগবিধি ও গেজেট উপেক্ষা করে ‘প্যারামেডিক/টেকনোলজিস্ট’ পদের প্রস্তাব পাস করায়। ফলে সরকারি চাকরির ক্ষেত্রে তাঁদের পদমর্যাদা নামিয়ে দেওয়া হয়েছে। ফিজিওথেরাপি স্বাধীন ও স্বতন্ত্র অবস্থান থেকে সহকারী পেশায় পরিণত হতে চলেছে, যা অযৌক্তিক।
বিপিএর সভাপতি দলিলুর রহমান প্রথম আলোকে বলেন, টেকনিশিয়ানরা যেখানে তিন বছরের ডিগ্রি নেন, সেখানে ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা চার বছর মেয়াদি স্নাতক কোর্স করেন। এরপর এক বছর ইন্টার্নি করেন। অথচ তাঁদের দেওয়া হবে টেকনিশিয়ানদের পদমর্যাদা। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট সাতটি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপির স্নাতক কোর্স চালু আছে। এতে এখানে অধ্যয়নরত দুই হাজার শিক্ষার্থী ও প্রায় তিন হাজার পেশাদার স্নাতক ফিজিওথেরাপিস্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।