ফিজিওথেরাপি শিক্ষার্থীদের আত্মাহুতির হুমকি
আত্মাহুতির হুমকি দিয়েছেন আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। অনশনের টানা ষষ্ঠ দিনে গতকাল শনিবার আরও পাঁচজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দিনভর বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি অব্যাহত রাখেন। পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বাংলাদেশ ফিজিওথেরাপি অব কলেজ ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌনমিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা ‘মিথ্যুক-প্রতারক আ ফ ম রুহুল হক’ লেখা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ও দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন বহন করেন। টিএসসির রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় তাঁদের মিছিল। এ সময় শিক্ষার্থীরা জানান, সরকার দাবি বাস্তবায়ন না করলে তাঁরা অচিরেই আত্মাহুতির কর্মসূচি দেবেন। একপর্যায়ে পাঁচজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে রাস্তায়ই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হচ্ছেন—তানিয়া (১ম বর্ষ), মুন (১ম বর্ষ), মীম (১ম বর্ষ), আবদুল্লা (১ম বর্ষ), শহীদ (৪র্থ বর্ষ) ও আসাদ (২য় বর্ষ)।শিক্ষার্থীরা মিছিল শেষে শহীদ মিনারে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়।এ দিকে গত শুক্রবার সকালে পঙ্গু হাসপাতালের অনারারি শিক্ষকদের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।