ফিজিওথেরাপি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিলেন
ফিজিওথেরাপি কলেজের স্বতন্ত্র ভবন নির্মাণ ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ২০০-এর বেশি ফিজিওথেরাপি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেন। এতে কর্মরত ফিজিওথেরাপিস্টরাও অংশ নেন। শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে শিক্ষার্থীরা থানার সামনের রাস্তায় বসে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার দাবি জানান। তিন ঘণ্টা এ অবস্থা চলার পর শাহবাগ থানার পুলিশ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নূরুল ইসলামপ্রথম আলোর প্রশ্নের জবাবে জানান, শিক্ষার্থীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর কাছে স্মারকলিপিটি দেন। বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের সহসভাপতি মো. ফিরোজুল আলম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা সমস্যা সমাধানে আজ বৃহস্পতিবার তাঁদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।