ফিজিওথেরাপির অর্ধশত শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া ফিজিওথেরাপির ১০ জন শিক্ষার্থী গতকাল শুক্রবার অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছর পরও ‘বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি’ ভবনের নির্মাণকাজ শুরু না হওয়ায় গত সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।আজ বেলা ১১টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন।বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনবার আমরণ অনশন কর্মসূচি পালন করার পর গত বছরের ৩০ জুন স্বাস্থ্যমন্ত্রী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সময় ৩১ জুলাই থেকে নির্মাণকাজ শুরু করার ঘোষণা দিলেও এখনো তা শুরু হয়নি।গতকাল সকালে পঙ্গু হাসপাতালের অনারারি শিক্ষকদের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ করতে যাওয়া শিক্ষক দলিলুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎ করতে গিয়ে দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষা করেও তাঁর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। পঙ্গু হাসপাতালের ফিজিওথেরাপি কোর্সের পরিচালক খন্দকার আবদুল আউয়াল রিজভী বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। তবে আমরণ অনশনে না গিয়ে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা সমাধানের দিকে এগোতে পারত।