ফিজিওথেরাপিস্টদের জন্য নিয়ন্ত্রক সংস্থা করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়মা ওয়াজেদ হোসেন। ফাইল ছবি
সায়মা ওয়াজেদ হোসেন। ফাইল ছবি

অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, দেশে ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীরা অবহেলিত। সেবার ক্ষেত্রে অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে। এই পেশার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থাও গঠন করা উচিত।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত পুনর্বাসনসেবা পেশাজীবীদের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন এ কথা বলেন। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।

সায়মা ওয়াজেদ বলেন, ফিজিওথেরাপি বা পুনর্বাসন সেবার বিষয়ে সাধারণ মানুষের ধারণা পুরোপুরি স্পষ্ট নয়। সবাইকে পুনর্বাসন সেবা সম্পর্কে বুঝতে হবে। শারীরিক বিষয়গুলো, কথা বলা, হাতের ছোট ছোট কাজ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনের দৈনন্দিন কাজকে গতিশীল করতে হবে, পাশাপাশি তাদের মানসিক অনুভূতির উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব একটি নিয়ন্ত্রণ সংস্থা (রেগুলেটরি বডি) গঠন করে কীভাবে এই সেবা আরও যুগোপযোগী করা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এর মাধ্যমে নির্ধারণ করতে হবে এই পেশায় কারা কাজ করবেন এবং তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ করে বরাদ্দ করা জমিতে ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠা করা হবে।

স্বাগত বক্তব্যে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর বলেন, বর্তমানে এই পেশার জনপ্রিয়তা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে প্রতিবছর ৫০ জন ফিজিওথেরাপি, ৪০ জন অকুপেশনাল থেরাপি ও ৩০ জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সে পড়ছেন। পাশাপাশি মাস্টার্স ইন ফিজিওথেরাপি অ্যান্ড মাস্টার্স ইন রিহ্যাবিলিটেশন সায়েন্স চালু আছে। এ দেশের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে পিএইচডি ডিগ্রির জন্য অধ্যয়নরত আছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক নাসিরুল ইসলাম। এই সম্মেলনে বিশ্বের ১২টি দেশের চিকিৎসা ও পুনর্বাসন পেশাজীবী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।