ফিজিকস অলিম্পিয়াড জাতীয় প্রতিযোগিতা সম্পন্ন
সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে বিজ্ঞান শিক্ষা ও চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ষষ্ঠ বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড জাতীয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপাচার্য এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আরেফিন সিদ্দিক বলেন, শিশু, কিশোর ও তরুণদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা বিভিন্ন অঞ্চলের ৬৭৬ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফিজিকস অলিম্পিয়াড কমিটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম আরশাদ মোমেন শিক্ষার্থীদের বিজ্ঞান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।