ফিজিকস অলিম্পিয়াডে দেশের সেরা সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তায় ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের সদস্যরা l বিজ্ঞপ্তি
ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তায় ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের সদস্যরা l বিজ্ঞপ্তি

ফিজিকস অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরে সেরা নৈপুণ্য দেখাল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তায় ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশ দলের পাঁচ প্রতিযোগীর সবাই পুরস্কার জিতেছে। নটর ডেম কলেজের তাওসিফ আহসান জিতেছে রৌপ্য পদক, রাজশাহী কলেজের ফাহিম তাজওয়ার, সিলেট মহিলা কলেজের নিশাত ফাহমিদা এবং চট্টগ্রাম কলেজের আবির আবরার জিতেছে ব্রোঞ্জ পদক এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের আজমাইন ইকতেদার পেয়েছে সম্মানসূচক পুরস্কার।

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক এফ এ জাহাঙ্গীর মাসুদ জানান, দলগতভাবে এটা বাংলাদেশের সেরা সাফল্য। এবারই প্রথম বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে। ব্যবহারিক পরীক্ষা চলাকালে গতবারের ব্রোঞ্জ বিজয়ী ফাহিম তাজওয়ার অসুস্থ হয়ে পড়ে এবং ১ নম্বরের জন্য রৌপ্য পদক থেকে বঞ্চিত হয়। 

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দলের কোচ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আরশাদ মোমেন বলেন, ‘আন্তর্জাতিক আসরে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের এ সাফল্যে আমরা সন্তুষ্ট। আগামী বছরগুলোতে এ সাফল্য ধরে রাখাটা আমাদের জন্য চ্যালেঞ্জের।’

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

গত সোমবার রাত একটায় দেশে ফিরেছে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দল। বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি