ফিজিকস অলিম্পিয়াডে যুক্ত হলো প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল প্রথম আলো কার্যালয়ে ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের পাঁচ বিজয়ী (বাঁ থেকে) আবরার আল শাদিদ, ফাহিম তাজওয়ার, নিশাত ফাহমিদা, তাওসিফ আহসান ও আজমাইন ইকতিদারকে সংবর্ধনা দেওয়া হয় l প্রথম আলো
গতকাল প্রথম আলো কার্যালয়ে ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের পাঁচ বিজয়ী (বাঁ থেকে) আবরার আল শাদিদ, ফাহিম তাজওয়ার, নিশাত ফাহমিদা, তাওসিফ আহসান ও আজমাইন ইকতিদারকে সংবর্ধনা দেওয়া হয় l প্রথম আলো

প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড। সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে থাকবে ডাচ্-বাংলা ব্যাংক। এই আয়োজনের সঙ্গে প্রথম আলোর যুক্ত হওয়া উপলক্ষে প্রথম আলো ও ফিজিকস অলিম্পিয়াড কমিটির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এফ এ জাহাঙ্গীর মাসুদ চুক্তিতে সই করেন।

গতকাল শনিবার বিকেলে কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। একই সঙ্গে এ অনুষ্ঠানে ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের পাঁচজন বিজয়ীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. খোরশেদ আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে আমাদের ছেলেমেয়েরা এবার সিলভার পদক পেয়েছে। তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করলে অবশ্যই সামনের বার গোল্ড পাবে।’ ফিজিকস অলিম্পিয়াডে প্রথম আলোর যুক্ত হওয়া প্রসঙ্গে ড. খোরশেদ আহমেদ বলেন, প্রথম আলো এ আয়োজনে যুক্ত হওয়ায় প্রচারের ব্যাপকতা বাড়বে। দেশের মেধাবী শিক্ষার্থীরা এতে যুক্ত হতে উৎসাহী হবে। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে এ প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো গণিত অলিম্পিয়াডের মতোনানা আয়োজনের পাশাপাশি বিজ্ঞানের বিষয়টিকে জোর দিচ্ছে। মাসিক বিজ্ঞানচিন্তা প্রকাশ করার পাশাপাশি বিজ্ঞান জয়োৎসব করছে। এ ধরনের বিভিন্ন আয়োজনে ছেলেমেয়েদের যুক্ত করতে পারলে বিজ্ঞান নিয়ে ছেলেমেয়েদের মধ্যে যে ভীতি কাজ করে তা দূর করা সম্ভব হবে।

১৬ বছর ধরে প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে, এ কথা উল্লেখ করে মতিউর রহমান বলেন, গণিত অলিম্পিয়াডে দেশের হাজার হাজার ছেলেমেয়ে অংশ নিচ্ছে। গণিত অলিম্পিয়াডে ভালো ফল করা ছেলেমেয়েরা বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারছে। দুই থেকে তিন বছরের মধ্যে গণিত অলিম্পিয়াডের মতো ফিজিকস অলিম্পিয়াডকে একটি উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আব্দুল কাইয়ুম বলেন, গণিত অলিম্পিয়াড এখন আর শুধু একটি প্রতিযোগিতা নয়, তা উৎসবে পরিণত হয়েছে। একইভাবে ফিজিকস অলিম্পিয়াডকে উৎসবে পরিণত করতে হবে। বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দলের কোচ ড. এম আরশাদ মোমেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

সংবর্ধনা: চলতি বছরের জুলাই মাসে ইন্দোনেশিয়ায়আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দলের তাওসিফ আহসান সিলভার পদক পেয়েছেন। দলের অন্য সদস্যরা ছিলেন নিশাত ফাহমিদা, আজমাইন ইকতিদার, ফাহিম তাজওয়ার এবং আবরার আল শাদিদ। অনুষ্ঠানে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।