ফিজিক্স অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় উৎসব অনুষ্ঠিত
দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল বুধবার সকালে তৃতীয় জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০১৩-এর রংপুর বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উদ্বোধন করেন হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিন।তীব্র শীত ও কনকনে ঠান্ডা হাওয়া উপেক্ষা করে রংপুর বিভাগের আটটি জেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫৬ জন শিক্ষার্থী উৎসবে যোগ দেয়। দিনাজপুর সায়েন্স একাডেমি উৎসবের আয়োজন করে।দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক জাহিদ হাসান মাহমুদ, দিনাজপুরের সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাহাদাৎ হোসেন, দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র সরকারসহ কয়েকজন শিক্ষার্থী নানা প্রশ্নের উত্তর দেন।উৎসবে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই তিনটি বিভাগে ২০ জন করে মোট ৬০ জন বিজয়ী জাতীয় পদার্থবিজ্ঞান উৎসবে যোগ দেওয়ার সুযোগ অর্জন করেছে।