ফিটনেস নেই ৩৫ হাজার ট্রলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এমন প্রায় ৪০ হাজার ট্রলারের মধ্যে মাত্র সাড়ে চার হাজারের ফিটনেস ও নিবন্ধন আছে। বাদ বাকি ট্রলারের ফিটনেস এমনকি নিবন্ধন পর্যন্ত নেই। ফলে সামান্য ঝড়-জলোচ্ছ্বাসে নাজুক ও স্থানীয়ভাবে তৈরি এসব ট্রলার ডুবে অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে। সমুদ্রে চলাচল অনুপযোগী এসব ট্রলারে জীবন রক্ষাকারী বয়া ও অন্যান্য সরঞ্জামও থাকে না। নিবন্ধনবিহীন এসব ট্রলার গভীর সমুদ্রে চলাচলের অনুপযোগী। তবু পেটের তাগিদে এবং ট্রলার মালিকদের অধিক মুনাফার লোভে গরিব জেলেরা হাতের মুঠোয় জীবন নিয়ে গভীর সমুদ্রে যান। বেসরকারি এক হিসেবে দেখা গেছে, ঝড়-জলোচ্ছ্বাসের কবলে পড়ে দক্ষিণ উপকূলে গত ২০ বছরে কমপক্ষে সাড়ে তিন হাজার জেলে প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১০ হাজার জেলে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, মহীপুর, আলীপুর, কুয়াকাটা, ভোলা, মনপুরা, তজুমদ্দিন, পিরোজপুরের পাড়েরহাট, বাগেরহাটের রামপালসহ বিভিন্ন এলাকায় প্রায় তিন লাখ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বেসরকারি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, এসব জেলে সমুদ্রে মাছ ধরার জন্য প্রায় ৪০ হাজার ছোট-বড় ট্রলার ব্যবহার করেন। সরকারি নিয়মানুযায়ী, সমুদ্রগামী ট্রলার নির্মাণের আগে সরকারের মার্কেন্টাইল মেরিন বিভাগ থেকে নকশা অনুমোদন এবং পরবর্তী সময়ে নিবন্ধন করাতে হয়। সরকারি বিধি অনুযায়ী সমুদ্রগামী ট্রলারে চারটি জীবন রক্ষাকারী বয়া, জনপ্রতি একটি করে লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপক ব্যবস্থা, পর্যাপ্ত শুকনো খাবার, অতিরিক্ত আরও একটি লাইফ জ্যাকেট, দিয়াশলাই, দিক নির্ণয়ক যন্ত্র থাকতে হবে। কিন্তু এ অঞ্চলের বেশির ভাগ সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী এসব অপরিহার্য সরঞ্জাম থাকে না। এ ছাড়া ঝড়ের সংকেত জানার জন্য একটি করে রেডিও থাকার নিয়ম থাকলেও বেশির ভাগ ট্রলারে তা নেই। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির তথ্যানুযায়ী, গত ২০ বছরে এ অঞ্চলে ট্রলারডুবিতে মারা গেছে কমপক্ষে সাড়ে তিন হাজার জেলে। আর নিখোঁজ হয়েছে কমপক্ষে ১০ হাজার। বিস্ময়ের ব্যাপার হলো দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেরিন বিভাগের কোনো কার্যালয় নেই। চট্টগ্রামে অবস্থিত সদর দপ্তর থেকে সারা দেশের জেলেদের নিবন্ধন, নকশা অনুমোদন, নিবন্ধন হালনাগাদ করণসহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। চট্টগ্রামে অবস্থিত মার্কেন্টাইল মেরিন বিভাগের কর্মকর্তারা জানান, উপকূলীয় অঞ্চলে মাছ ধরার কাজে ব্যবহূত ট্রলারগুলোর মধ্যে মাত্র চার হাজার ৬০০ ট্রলারের নিবন্ধন রয়েছে তাঁদের কাছে। চট্টগ্রাম মার্কেন্টাইল মেরিন বিভাগের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন হাবিব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাগরে কোনো ট্রলার নিমজ্জিত হলে তাত্ক্ষণিকভাবে সেটা মার্কেন্টাইল মেরিন বিভাগকে জানানোর নিয়ম আছে। কিন্তু ট্রলার মালিকেরা কখনোই তা জানান না। কারণ নিমজ্জিত ওই ট্রলারের নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং নতুন করে আবার ট্রলার নির্মাণ করতে গেলে তখন পুনরায় নিবন্ধন নিতে হবে। সমুদ্র পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও মৎস্য উন্নয়ন করপোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, উপকূলে ২০ হাজারের বেশি মাছ ধরা ট্রলার রয়েছে। কিন্তু স্থানীয় জেলে সমিতি, ট্রলার মালিক সমিতির কর্মকর্তাদের মতে, এ সংখ্যা ৪০ হাজার।