ফিটনেস, লাইসেন্স নিয়ে অভিযোগের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশা অনুযায়ী সেবা না পাওয়া ও হয়রানি নিয়ে নানা অভিযোগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে। সরাসরি গ্রাহকদের কাছ থেকে অভিযোগগুলো জানতে আয়োজন করা হয়েছিল গণশুনানির। এতে ভুক্তভোগীরা বিআরটিএর চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান অধিকাংশ সমস্যারই তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি বিআরটিএর কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে নির্দেশনা দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকেরা যানবাহন চালানোর লাইসেন্স, ফিটনেস সনদ ও ডিজিটাল নিবন্ধনে ভোগান্তি এবং বিআরটিএর কিছু কর্মকর্তার অসহযোগিতার কথা বলেন। অভিযোগ আমলে নিয়ে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি ও আন্তরিকতার অভাব রয়েছে।’ এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং মানসিকতার পরিবর্তন করতে হবে। যাতে সেবা নিতে আসা মানুষ বুঝতে পারেন যে, তিনি কোনো অনাত্মীয় পরিবেশে আসেননি।
শুনানিতে সিএনজি-অটোরিকশা মালিক সমিতির নেতা নাজমুল হাসান অভিযোগ করেন, তাঁর একটি ‘ডাবল চেসিস’ গাড়ির ফিটনেসের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পরও তিনি ফিটনেস সনদ পাননি। তিনি বলেন, আবেদনের পর তিনি বিআরটিএর কার্যালয়ে এসে জানতে পারেন তাঁর গাড়ির নথি গায়েব হয়ে গেছে। বিআরটিএর কর্মকর্তা নথি খুঁজে পাচ্ছেন না। বিআরটিএর চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে সমস্যার সমাধান করেন। বিআরটিএর কার্যালয় থেকে নথি হারিয়ে যাওয়ার আরও ঘটনা আছে উল্লেখ করে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘নথি না পাওয়ার দায় সম্পূর্ণ আমাদের। এ-সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কিছু সুপারিশও করেছে। সে অনুযায়ী সমস্যা সমাধান করা হচ্ছে।’
চাঁদপুর থেকে আসা সোহেল রানা নামের এক গ্রাহক বলেন, ‘শুনেছি, চাকরির জন্য ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়েছে। কিন্তু লাইসেন্স পাইনি।’ তাঁর দাবি, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পরও বিআরটিএ থেকে তাঁর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে না। অভিযোগ শুনে চেয়ারম্যান ওই ব্যক্তির কাগজপত্র চান। কাগজে দেখা যায়, সোহেল রানার পরীক্ষার প্রকৃত তারিখ আগামী ২২ জানুয়ারি। পরে সোহেল স্বীকার করেন, তিনি দালালের মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান গ্রাহকদের উদ্দেশে বলেন, ‘কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি বিআরটিএর কর্মকর্তাদের কাছে যাবেন। কেউ অসহযোগিতা করলে আমার কাছে অভিযোগ করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সবুজবাগ থেকে আসা কামরুল হাসান নামের এক গ্রাহক অভিযোগ করেন, এক বছরেও তাঁর বন্ধু ড্রাইভিং লাইসেন্স পাননি। আজ (গতকাল) ছবি তোলার জন্য এসেছিলেন, কিন্তু কর্মকর্তা ছবি তুলছেন না। এই অভিযোগের পর চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে আনেন এবং কেন ছবি তোলা হচ্ছে না, জানতে চান। তখন ওই কর্মকর্তা বলেন, গ্রাহকের একটি কাগজে স্বাক্ষর বাকি আছে, তাই দুপুরের পর তাঁকে আসতে বলা হয়েছিল। পরে চেয়ারম্যানের নির্দেশে তাৎক্ষণিক স্বাক্ষর নিয়ে ওই গ্রাহকের ছবি নেওয়া হয়।
এ সময় ড্রাইভিং লাইসেন্স পেতে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, এক দিনে ২০০ জনের বেশি প্রার্থীর পরীক্ষা নেওয়া যায় না। পরীক্ষার তারিখ বণ্টন হয় ডিজিটাল পদ্ধতিতে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরীক্ষার তারিখ পড়তে বেশি সময় লাগে।
শুনানিতে মো. সাদ্দাম নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক বলেন, যাত্রীর পছন্দ অনুযায়ী গন্তব্যে যেতে রাজি না হওয়ায় একজন তাঁর বিরুদ্ধে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের পর বিআরটিএ কর্তৃপক্ষ তাঁর অটোরিকশা চালানোর লাইসেন্স জব্দ করে। পাঁচ মাস পরও তিনি লাইসেন্স ফেরত পাননি; কবে পাবেন তাও জানেন না। এর জবাবে চেয়ারম্যান বলেন, চালকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে। সেই অনুযায়ী এই চালকের শাস্তি হয়েছে। কিন্তু তিনি কবে লাইসেন্স ফেরত পাবেন, এটি জানার অধিকার তাঁর আছে। চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।