ফিটনেস সনদ নিতে মিরপুরে বিআরটিএ কার্যালয়ে ভিড় করছে পুরোনো অসংখ্য যানবাহন
ফিটনেস সনদ নিতে বিআরটিএতে ভিড়
চলাচলের যোগ্যতা (ফিটনেস) না থাকা যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরুর পর ফিটনেস সনদ নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভিড় করছে পুরোনো অসংখ্য যানবাহন। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। গতকাল বুধবারও রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে ছিল এমন যানের দীর্ঘ সারি। এ ছাড়া লক্কড়-ঝক্কড় অনেক গণপরিবহন সড়কে নামছে না। এ দুই কারণে রাজধানীর বিভিন্ন পথের পাশাপাশি দূরপাল্লার বাসের সংকট চলছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
এদিকে ফিটনেস সনদ নিতে যানবাহনের চাপ বাড়বে জেনেও বিআরটিএ সে অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় এ অভিযানের সুফল পুরো মিলবে না বলে মনে করছে বিআরটিএর একটি সূত্র। সূত্রটি জানায়, যানের চাপের কারণে যথাযথ যাচাই করা যাচ্ছে না। ফলে এই বিশেষ অভিযানে সরকারের আয় বাড়লেও আসল উদ্দেশ্য অর্থাৎ অযোগ্য যানকে সড়ক থেকে উচ্ছেদের উদ্দেশ্য পুরো পূরণ হচ্ছে না। ফিটনেস সনদ পেতে কর, সড়ক ব্যবহারের করসহ যানবাহনভেদে ২২ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সরকারের কোষাগারে জমা হচ্ছে।
বিআরটিএ সূত্র জানায়, গতকাল বিআরটিএর মিরপুর কার্যালয়েই এক হাজার ১০০ যান ফিটনেস সনদ নিতে আসে। গত মঙ্গলবার এসেছিল ৯০০টি। বিশেষ অভিযান শুরুর দিনে সোমবার এসেছিল ৮০০টি। স্বাভাবিক সময়ে এ সংখ্যা হয় ৩০০-৪০০টি। অথচ মিরপুর কার্যালয়ের ফিটনেস শাখায় সাতজন পরিদর্শক রয়েছেন। তাঁদের ওপরই প্রতিটি যানবাহনের অন্তত ৩০ ধরনের কারিগরি ও বাহ্যিক শর্ত পরীক্ষা করে ফিটনেস সনদ দেওয়ার দায়িত্ব। তাঁদের সহায়তার জন্য রয়েছেন ছয়জন কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, রং ঠিক থাকলেই সনদ দিয়ে দেওয়া হচ্ছে। কারণ, এত যানবাহনের ওই সব শর্ত পরীক্ষা করা এই সময়ের মধ্যে অসম্ভব।
এ বিষয়ে সড়ক পরিবহনসচিব এম এ এন সিদ্দিক বলেন, বেশি বেশি যানবাহন এলেই ফিটনেস সনদ দিয়ে দেওয়ার সুযোগ নেই। যথাযথ পরীক্ষা করেই দিতে হবে। নামকাওয়াস্তে দেখে কেউ সনদ দিচ্ছে কি না, সেটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, ট্রাক-কাভার্ড ভ্যানের অধিকাংশেরই বডি পরিবর্তন করে চালানো হচ্ছে। মোটরযান আইনে এগুলো ফিটনেস সনদ পাওয়ার যোগ্য নয়। কিন্তু এই খাতের মালিক-শ্রমিকেরা বিআরটিএকে চাপ দিয়ে সম্প্রতি আকৃতি পরিবর্তনের কারণে যাতে ফিটনেস সনদ আটকে না দেওয়া হয়, সে বিষয়ে শিথিলতা আদায় করেছেন।
এ বিষয়ে বিআরটিএর সচিব শওকত আলী প্রথম আলোকে বলেন, ট্রাক-কাভার্ড ভ্যানের বিষয়ে একটি টাস্কফোর্স হয়েছে। গত মাসে এই টাস্কফোর্সের বৈঠকে ট্রাক-কাভার্ড ভ্যান মালিকদের ছয় মাসের সময় দেওয়া হয়েছে।
অভিযানের ফলে দূরপাল্লার পথেও যাত্রীবাহী বাস কমেছে। দুপুর ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালের উল্টো দিকে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনালে প্রায় ৫০টি বাস থেমে থাকতে দেখা গেছে। এ ছাড়া আমিনবাজার থেকে সাভার পর্যন্ত বিভিন্ন পেট্রলপাম্পেও দূরপাল্লার বাস অলস বসে থাকতে দেখা যায়।
পরিবহন মালিক-শ্রমিকেরা জানিয়েছেন, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়াও দূরপাল্লার পথে অনেক বাস চলে। চালকদের একটা বড় অংশের লাইসেন্স নেই। বিশেষ অভিযানের কারণে মালিক-চালক দুই পক্ষই বেকায়দায় পড়েছে।
গতকাল বিআরটিএ কলাবাগান ও বাংলামোটর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিআরটিএর আরেকটি আদালত পরিচালিত হয় গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখেন। বিআরটিএর এ তিনটি ভ্রাম্যমাণ আদালতে মোট ৬০টি মামলা হয়। জরিমানা আদায় করা হয় ৪২ হাজার টাকা। সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
বিআরটিএ সূত্র জানায়, সোম ও মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ সারা দেশে চার হাজারের বেশি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।