ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, একদিনে ৭৭ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে জরিমানা বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন অনেকেই। ছবি: জাহিদুল করিম
ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে জরিমানা বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন অনেকেই। ছবি: জাহিদুল করিম

ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে রাজধানীতে ৭৭টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৯৫ হাজার টাকা।
এ ছাড়া দুজন চালককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার কারওয়ান বাজার, কাকলী ও গাবতলী এলাকায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অভিযান চালায়। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে দুজন চালককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন। একটি গাড়ি জব্দ করা হয়েছে ও দুটি গাড়ির কাগজপত্র রেখে দেওয়া হয়েছে।
বেলা তিনটার দিকে গাবতলী থেকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযান পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, সারা দেশে একযোগে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকায় অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে।

এ সময় সাংবাদিকেরা মন্ত্রীকে বলেন, এভাবে অভিযান চালানোর কারণে সড়কে বাস নামেনি। এতে করে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। মন্ত্রী বলেন, ‘সফলতা পেতে গেলে সাময়িক কষ্ট করতে হবে। অন্যায়ের কাছে তো আপস করতে পারি না।’

রাজধানীর পাশাপাশি দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সারা দেশেও অভিযান চালানো হয়। সারা দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে সর্বাত্মক অভিযান চলে। দুপুর থেকে রাজশাহীর সব রুটে বেশির ভাগ বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও অভিযানের কারণে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক বন্ধ হয়ে গেছে।

অভিযান শুরুর পর থেকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার ১১টি, আমচত্বর এলাকায় ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান আটটি, একই এলাকায় ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন সাতটি ও নগরের পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় ম্যাজিস্ট্রেট আলমগীর কবির ১১টি মামলা দায়ের করেন।

ম্যাজেস্ট্রেট আলমগীর বলেন, বেশির ভাগ গাড়িরই কাগজপত্র ঠিক নেই। এমনকি ঢাকা-রাজশাহীগামী বড় কোম্পানির গাড়িগুলোরও একই অবস্থা। তিনি বলেন, কিছুক্ষণ অভিযান চালানোর পর রাস্তায় গাড়ির পরিমাণ একেবারে কমে গেছে।

রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের যুগ্ম সচিব মোহাম্মদ গাজী বলেন, গাড়ির কাগজপত্র নেই। এ জন্য গাড়ির মালিকের নামে মামলা হবে কিন্তু পুলিশ চালকের নামে দিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে তাঁরা গাড়ি বন্ধ করে দিয়েছেন। বিচ্ছিন্নভাবে কয়েকটি গাড়ি চলছে।