ফিটনেসবিহীন গাড়ি নিয়ে আবার হুঁশিয়ারি মন্ত্রীর

যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিটনেসবিহীন ট্রাকে করে কোরবানির পশু বহন করা যাবে না। এটি করা হলে ট্রাকের চালক ও মালিক এবং পশু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সম্প্রসারিত মহাসড়ক পরিদর্শনে আসেন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঈদকে ঘিরে মহাসড়কের পাশে পশুর কোনো হাটও বসতে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন কোনো হাট বসার খবর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, মহাসড়কে কোনো মতেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। চন্দ্রা মােড়ে নতুন করে বাইলেন তৈরি করা হচ্ছে। যার কারণে কোরবানি ঈদে এবং পরবর্তী সময়ে চন্দ্রা ত্রিমোড় এলাকায় কোনো যানজটের সৃষ্টি হবে না।
মন্ত্রীর সঙ্গে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।