কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে প্রায় সাড়ে তিন মাস ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে এই পথে অর্ধশতাধিক ট্রলার চলাচল করছে। এগুলোর অধিকাংশেরই ফিটনেস নেই। বিকল্প ব্যবস্থা না থাকায় দেশি-বিদেশি পর্যটক ও সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা এসব ট্রলারেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কেয়ারি সিন্দাবাদ ও কুতুবদিয়া নামের দুটি জাহাজকে সারা বছর চলাচলের অনুমোদন দিয়েছিল। একই সঙ্গে বিআইডব্লিউটিএর অনুমোদন নিয়ে এ পথে পর্যটন মৌসুমে (সেপ্টেম্বর থেকে মার্চ) একটি সি-ট্রাক ও চারটি জাহাজ চলাচল করে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কুতুবদিয়া জাহাজটি ৩০ মার্চ থেকে যাত্রী পারাপার বন্ধ করে দেয়। কেয়ারি সিন্দাবাদের মেরামতের প্রয়োজনে ২৯ মে থেকে কর্তৃপক্ষ এই জাহাজের চলাচল বন্ধ করে দেয়। এখন সাগর উত্তাল থাকায় বিআইডব্লিউটিএর কাছ থেকে অনুমোদন নেওয়া কোনো জাহাজ ও সি-ট্রাক এ পথে চলাচল করছে না। এ পথে এখন ফিটনেসবিহীন ট্রলারগুলো ঝুঁকি নিয়ে স্থানীয় যাত্রী ও পর্যটকদের পারাপার করছে।জানা গেছে, সাধারণত প্রতিদিন ট্রলারে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সাত থেকে আট শ যাত্রী পারাপার হয়। ঈদ ও অন্যান্য উৎসবের সময় আড়াই থেকে তিন হাজার যাত্রী প্রতিদিন এ পথে চলাচল করে।স্থানীয় বাসিন্দা মো. জোবাইর বলেন, ‘১৫-২০ বছর আগে তৈরি ইঞ্জিনচালিত ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। এসব ট্রলারে অতিরিক্ত যাত্রীর পাশাপাশি মালামালও নেওয়া হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলারের মাঝি বলেন, ‘১০ বছর ধরে ট্রলার পরিচালনার দায়িত্বে রয়েছি। অভিজ্ঞতায় দেখেছি, সাগরে চলাচল করার জন্য কোনো ফিটনেস সার্টিফিকেট লাগে না।’সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব ৩৪ কিলোমিটার। বৈরী আবহাওয়া ও সতর্কবার্তার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে এ দ্বীপের মানুষ চলাচল করছে। একই সঙ্গে পর্যটকেরাও উত্তাল সাগর পাড়ি দিয়ে এখানে আসছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, এ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোর ফিটনেস আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ট্রলারের মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।