ঈদের আগে ও পরে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে বিশেষ অভিযান চলানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের উপকমিশনার প্রবীর কুমার রায়।
গত সোমবার বিকেলে মহাখালীর বাস টার্মিনালে ট্রাফিক সচেতনতা সভায় ডিএমপির ট্রাফিকের উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় এ কথা বলেন। পবিত্র রমজান মাস ও ঈদ উদ্যাপনে যানজট কমাতে বাসমালিক ও টার্মিনাল শ্রমিক সমিতির সঙ্গে পুলিশের বৈঠক হয়।
উপকমিশনার প্রবীর কুমার রায় বলেন, গত বছরের মতো এবারও মহাখালীতে সাব-কন্ট্রোল রুম এবং উত্তরার আবদুল্লাহপুরে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। রমজান মাস ও ঈদে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে তদারকি করবেন। বড় পর্দায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে যাত্রী, চালক ও চালকের সহকারী সচেতন করা হবে। তিনি বলেন, ঈদের আগে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে, চলবে ঈদের পর পর্যন্ত। চালকের সহকারীরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে জন্য তল্লাশি চৌকি বসানো হবে। অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে যাত্রীদের সচেতন করার বিষয়ে সুপারভাইজারদের কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন করা হবে।
মহাখালী বাস টার্মিনালের শ্রমিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, প্রতিবারের মতো এবার রমজান মাসে তাঁরা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবেন। রমজান ও ঈদে কমিউনিটি ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তিনি বাস পার্কিং পর্যবেক্ষণ কমিটি গঠন করার আহ্বান জানান।
পুলিশের তেজগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) সাত্যকি কবিরাজ বলেন, শিল্পাঞ্চলের ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে বাস রাখতে দেওয়া হবে না।