ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই চালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহনকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা, ৫৬টি মামলা ও ১টি বাস জব্দ করা হয়।
গতকাল সোমবার সকালে দনিয়া সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা ও ১৪টি মামলা করেন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন। খিলগাঁও হাসপাতাল এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার এক অভিযানে বিভিন্ন যানবাহনকে ৭০ হাজার টাকা জরিমানা, ২৫টি মামলা, ১টি বাস জব্দ ও একজন চালককে কারাদণ্ড দেন। নিউমার্কেট এলাকায় আরেক অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার বিভিন্ন যানবাহনকে ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা, ১ জন চালককে কারাদণ্ড এবং ১৭টি মামলা করেন। বিজ্ঞপ্তি