ফিটনেসের আবেদনের দীর্ঘদিন পর জানানো হয় গাড়ির নথি গায়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি-অটোরিকশা মালিক সমিতির নেতা নাজমুল হাসান অভিযোগ করেন, তাঁর একটি ‘ডাবল চেসিস’ গাড়ির ফিটনেসের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পরও তিনি ফিটনেস সনদ পাননি। পরে বিআরটিএর কার্যালয়ে গিয়ে জানতে পারেন তাঁর গাড়ির নথি গায়েব হয়ে গেছে। বিআরটিএর কর্মকর্তা নথি খুঁজে পাচ্ছেন না।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে গণশুনানিতে এ অভিযোগ করেন নাজমুল হাসান। শুনানিতে উপস্থিত বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে তাঁর ওই সমস্যার সমাধান করেন।

শুনানিতে গ্রাহকেরা যানবাহন চালানোর লাইসেন্স, ফিটনেস সনদ ও ডিজিটাল নিবন্ধনে ভোগান্তি এবং বিআরটিএর কিছু কর্মকর্তার অসহযোগিতার কথা তুলে ধরেন। সরাসরি গ্রাহকদের কাছ থেকে অভিযোগ জানতেই আয়োজন করা হয়েছিল এই গণশুনানির। চেয়ারম্যান অধিকাংশ সমস্যারই তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি বিআরটিএর কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে নির্দেশনাও দেন।

গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি ও আন্তরিকতার অভাব রয়েছে।’ এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং মানসিকতার পরিবর্তন করতে হবে; যাতে সেবা নিতে আসা ব্যক্তিরা বুঝতে পারেন যে তিনি কোনো অনাত্মীয় পরিবেশে আসেননি।

চাঁদপুর থেকে আসা সোহেল রানা নামের এক গ্রাহক বলেন, ‘শুনেছি, চাকরির জন্য ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়েছে। কিন্তু লাইসেন্স পাইনি।’ তাঁর দাবি, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পরও বিআরটিএ থেকে তাঁর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে না। অভিযোগ শুনে চেয়ারম্যান ওই ব্যক্তির কাগজপত্র চান। কাগজে দেখা যায়, সোহেল রানার পরীক্ষার প্রকৃত তারিখ আগামী ২২ জানুয়ারি। পরে সোহেল স্বীকার করেন, তিনি দালালের মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান গ্রাহকদের উদ্দেশে বলেন, ‘কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি বিআরটিএর কর্মকর্তাদের কাছে যাবেন। কেউ অসহযোগিতা করলে আমার কাছে অভিযোগ করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সবুজবাগ থেকে আসা কামরুল হাসান নামের এক গ্রাহক অভিযোগ করেন, এক বছরেও তাঁর বন্ধু ড্রাইভিং লাইসেন্স পাননি। আজ ছবি তোলার জন্য এসেছিলেন, কিন্তু কর্মকর্তা ছবি তুলছেন না। এ অভিযোগের পর চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে আনেন এবং কেন ছবি তোলা হচ্ছে না, জানতে চান। তখন ওই কর্মকর্তা বলেন, গ্রাহকের একটি কাগজে স্বাক্ষর বাকি আছে, তাই দুপুরের পর তাঁকে আসতে বলা হয়েছিল। পরে চেয়ারম্যানের নির্দেশে তাৎক্ষণিক স্বাক্ষর নিয়ে ওই গ্রাহকের ছবি নেওয়া হয়।

এ সময় ড্রাইভিং লাইসেন্স পেতে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, এক দিনে ২০০ জনের বেশি প্রার্থীর পরীক্ষা নেওয়া যায় না। পরীক্ষার তারিখ বণ্টন হয় ডিজিটাল পদ্ধতিতে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরীক্ষার তারিখ পড়তে বেশি সময় লাগে।

বিআরটিএ ঢাকা বিভাগ আয়োজিত এই গণশুনানিতে প্রতিষ্ঠানটির পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার, ঢাকা বিভাগের উপপরিচালক মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।