ফিতরা জনপ্রতি ৬০ থেকে ১৬৫০ টাকা
এবারের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এটি নির্ধারণ করা হয়। খবর বাসসের।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ফিতরার হার নির্ধারিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যসচিব মাওলানা এ এম এম সিরাজুল ইসলাম।
সভায় বলা হয়, ইসলামি শরিয়াহ মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬০ টাকা আদায় করতে হবে। খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা, পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬০০ টাকা ও যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২০০ টাকা ফিতরা আদায় করতে হবে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ পণ্যগুলোর যেকোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।
সভায় উল্লেখ করা হয়, ওপরের পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।