ফিতরা সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৬৫০ টাকা
এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এই পরিমাণ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুস সালাম।
সভায় বলা হয়, ইসলামি শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির, যব ইত্যাদি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২০০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা, পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা ফিতরা আদায় করতে হবে। মুসলমানেরা নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যেকোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।
সভায় বলা হয়, ওপরের পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।