ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকারসহ প্রধান প্রধান রাজনৈতিক দল ও সংগঠন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোকবার্তায় বলেন, বিশ্বে শোষিত মানুষের অধিকার পুনরুদ্ধারে তাঁর সংগ্রামী অবদান বিশ্বের মানুষ চিরকাল স্মরণে রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আরেক বার্তায় গভীর শোক প্রকাশ করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী কাস্ত্রোকে অভিহিত করেন বাংলাদেশের মুক্তিসংগ্রামের একজন অন্যতম সমর্থক ও অকৃত্রিম বন্ধু হিসেবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের অধিকারের সপক্ষে কাস্ত্রো ছিলেন এক আন্তর্জাতিক কণ্ঠস্বর।
কাস্ত্রোর মৃত্যুতে কাল সোমবার সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক বিবৃতিতে সিপিবির পক্ষ থেকে কিউবার শোকাহত জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, তরুণদের কাছে ফিদেল কাস্ত্রো বিপ্লবের প্রতীক।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও তিন দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বলা হয়, জাতীয় মুক্তির লড়াই ও সমাজতন্ত্র নির্মাণে কাস্ত্রো অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিবৃতিতে কাস্ত্রোকে অভিহিত করা হয় কিউবার বিপ্লবের প্রাণপুরুষ ও পৃথিবীর মেহনতি মানুষের লড়াইয়ের প্রেরণা হিসেবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কাস্ত্রোকে আখ্যায়িত করেছে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের সর্বগ্রাসী আক্রমণ ও ষড়যন্ত্রের মুখে মানবমুক্তির দিশারি হিসেবে। এ ছাড়া কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে গণফোরাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।