খুলনা আযম খান কমার্স কলেজ
ফিন্যান্স ও মার্কেটিংয়ে মাস্টার্স চালুর দাবিতে ভাঙচুর, অধ্যক্ষ অবরুদ্ধ
খুলনা সরকারি আযম খান কমার্স কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় ব্যাপক বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ভবন, প্রধান ফটক ও শিক্ষক মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন এবং অধ্যক্ষকে তাঁর কক্ষে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন। কলেজের শিক্ষক, ছাত্র ও পুলিশ জানায়, শিক্ষার্থীরা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু গত ছয় মাসে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। গত সপ্তাহে অনার্স চূড়ান্ত বর্ষের ফল প্রকাশের পরে শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারবেন না জেনে গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা উচ্চশিক্ষা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কলেজের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ভবন, প্রধান ফটক ও শিক্ষক মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন। কলেজে টাঙানো ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের অধ্যক্ষ আবুল বাশারকে তাঁর কক্ষে আটকে রাখেন। পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। আন্দোলনরত শিক্ষার্থী হাসান হিমালয় ও উৎপল দত্ত জানান, খুলনা বিভাগের কোনো কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে মাস্টার্স কোর্স নেই। এ বিষয়ে মাস্টার্স করতে হলে ঢাকায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ঢাকায় গিয়ে পড়াশোনার সামর্থ্য অধিকাংশ শিক্ষার্থীর নেই। ফলে নিজেদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে আন্দোলন ছাড়া বিকল্প নেই। ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী শাহীন, বিশ্বজিৎ ও শাকিল আহমেদ জানান, এ বছর এ বিভাগ থেকে অনার্স ফাইনালে ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন প্রথম শ্রেণী পেয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। কিন্তু মাস্টার্স কোর্স না থাকায় এত ভালো ফলাফল কোনো কাজে আসছে না। শিক্ষার্থীরা তাঁদের উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছেন। কলেজের অধ্যক্ষ এম আবদুল বাসার প্রথম আলোকে বলেন, ওই দুই বিষয়ে মাস্টার্স চালুর জন্য কলেজ কর্তৃপক্ষ সব রকম চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কিছু জটিলতার কারণে চালু করা যাচ্ছে না। তিনি বলেন, মাস্টার্স চালু না হলে অনেক মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।