কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ক্লাস-পরীক্ষা দুই মাস ধরে বন্ধ। অনিয়মের অভিযোগ তুলে বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি দেওয়ায় এ অচলাবস্থাল সৃষ্টি হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।ফিন্যান্স বিভাগের চলমান সংকট নিয়ে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও। কর্তৃপক্ষ সর্বশেষ বিভাগটিতে ঘটে যাওয়া সব ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগ সূত্র জানায়, ২০০৯-১০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ফিন্যান্স বিভাগ চালু হয়। তখন বিভাগের সভাপতির দায়িত্ব পান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মাহবুবুল আরফিন। তাঁকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে বিভাগটিতে নতুন তিন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিভাগটিতে তিনটি বর্ষে মোট শিক্ষার্থী রয়েছেন প্রায় ২৫০ জন।সূত্র আরও জানায়, সভাপতি মাহবুবুল আরফিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চলতি বছরের ২৫ এপ্রিল বিভাগের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট শুরু করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো হলো: দায়িত্বে অবহেলা, নিয়মিত ক্লাস-পরীক্ষা না নেওয়া, সময়মতো ফল প্রকাশ না করা, শিক্ষার্থীদের বিভাগীয় কম্পিউটার ল্যাব ও সেমিনার লাইব্রেরি ব্যবহারের সুযোগ না দেওয়া। ওই দিন সকাল থেকে শিক্ষার্থীদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্রীসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, মাহবুবুল আরফিনের নির্দেশেই তাঁর অনুগত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে মাহবুবুল আরফিন দাবি করে বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হামলার পর আরফিনের পদত্যাগ ও হামলাকারীদের শাস্তি দেওয়ার দাবি না মানা পর্যন্ত ওই দিন থেকে বিভাগের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘটনার দুই মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বিভাগ পরিদর্শন করেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যা নিয়ে আলোচনার কথা থাকলেও তাঁর আগমনের বিষয়টি শিক্ষার্থীদের অবহিত করা হয়নি। ফলে ওই দিন বিভাগে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। শেষ পর্যন্ত তিনি শুধু বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে চলে যান।রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় ফিন্যান্স বিভাগের সব ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৪ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রুহুল কুদ্দুস মো. সালেহ প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠুভাবে তদন্ত শেষে শিগগির প্রতিবেদন জমা দেওয়া হবে। উপাচার্য এম আলাউদ্দিন জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে তিনি আবারও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।