ফিরছে বেগুনি কালিম
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হাকালুকি হাওরে বেগুনি কালিম পাখি আবার ফিরে আসছে। স্থানীয় বাসিন্দা হলেও হাওরের জলজ উদ্ভিদ হ্রাস ও আবাস-সংকটের কারণে এ ধরনের পাখিকে অনেক দিন হাকালুকি হাওরে দেখা যায়নি। স্থানীয়ভাবে ‘সুন্দরী পাখি’ নামেই এটি পরিচিত।পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বেগুনি কালিম মিঠাপানির ঝোপ-জঙ্গলসংলগ্ন জলাভূমিতে বসবাস ও বিচরণ করে। বসবাসের জন্য এ পাখি নিবিড় জঙ্গল পছন্দ করে। দিনের বেলা এগুলো জলাভূমির ভাসমান লতাপাতা ও কীটপতঙ্গ খেয়ে থাকে। জলাভূমির পাশে হিজল, করচ ও বরুণের ঝোপঝাড়ে রাত কাটায়।স্থানীয় লোকজন জানায়, বেগুনি কালিম হাকালুকি হাওরে আগেও ছিল। তবে মাঝখানে অনেক দিন হাওরে এ ধরনের পাখি দেখা যায়নি। ২০০৪-২০০৫ সালে জরিপের সময়ও হাকালুকি হাওরে বেগুনি কালিম দেখা যায়নি। ২০০৭ সালে প্রথম দুটির দেখা মেলে। ২০০৮ সালে সাত-আটটি দেখা যায়। ২০০৯ সালে হাকালুকি হাওরের হিংগাইজুরী ও ফুট বিল এলাকায় দেখা যায় প্রায় ২০০ বেগুনি কালিম। আরও কিছু বিলে সব মিলে ২০০৯ সালে প্রায় এক হাজার বেগুনি কালিম ছিল। এ বছর কী পরিমাণ বেগুনি কালিম হাকালুকিতে আছে, তা জানা সম্ভব হয়নি। হিংগাইজুরী ও ফুট বিলে মাছ মারার কারণে পাখিগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে।পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমদ বলেন, ‘এবার কী পরিমাণ বেগুনি কালিম আছে। সেই সংখ্যাটি জানা সম্ভব হয়নি। তবে বেগুনি কালিম হাওরে বাড়ছে, এটা বলা যায়।’ তিনি জানান, যেসব বিলের পাশে ঝোপ-জঙ্গল আছে; বিলে ভাসমান জঙ্গল, দল বা মাখনা, শাপলা-শালুক থাকে; বেগুনি কালিম সেসব বিলের পাশের ঝোপ-জঙ্গলে বাসা করে। স্থানীয় লোকজন এ পাখিকে বিরক্ত করে না এবং শিকারও করে না। তবে এ বিলগুলোকে তিন বছর পর পর মাছ ধরার জন্য ইজারা দেওয়া হচ্ছে। এতে বিলের জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। এতে বিপন্ন বোধ করছে পাখিগুলো। পরিবেশ অধিদপ্তরের হাকালুকি হাওরের উদ্যান সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘গত বছর হিংগাইজুরী ও ফুট বিলে মাখনা ছিল। সেখানে প্রচুর বেগুনি কালিম দেখা গেছে। এবার বিল দুটিতে মাছ ধরা হচ্ছে। যে কারণে বেগুনি কালিম অন্যত্র সরে গেছে। হাওরের কাংলা বিলে এবার বেগুনি কালিম দেখা গেছে।’