
এত দিন বইমেলার মাঠ ছিল ধুলায় ধূসর। এখন সেটি কাদায় পিচ্ছিল। একবার বইয়ের মলাটে, একবার মাঠের শুকনো জায়গাগুলোর দিকে তাকিয়ে সতর্ক হয়ে চলতে হচ্ছিল গ্রন্থানুরাগীদের। গত রোববার তেমন মুষলধারায় বৃষ্টি না হলেও লম্বা সময় ধরে চলতে থাকা ছিটেফোঁটা বর্ষণে একাডেমি এবং সোহরাওয়ার্দী উভয় অংশেই মেলার মাঠ কাদাপানিতে পিচ্ছিল হয়ে ওঠে।
গতকাল সোমবার অবশ্য মাঠে জমা পানি শুকাতে বালু ফেলা হয়েছে, ইটও বিছিয়ে দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী অংশের প্রবেশপথে, কিন্তু কাদা পুরোপুরি শুকায়নি দিনে তেমন রোদের দেখা মেলেনি বলে। তবে বৃষ্টির বিড়ম্বনা না থাকায় মেলা আবার ফিরে পেয়েছে তার স্বাভাবিক জনসমাগম। বিশেষ করে, বেলা পড়ে এলে বরাবরের মতোই বেড়ানো কিংবা নতুন বইয়ের খোঁজে অনেকেই আসেন মেলা প্রাঙ্গণে। পাঠকেরা মেলায় এলেও লেখকদের তেমন দেখা যায়নি মেলার মাঠে।
বিক্রেতাদের সঙ্গে কথাবার্তা বলে জানা গেল, আগের দিন বিক্রিতে যে ভাটা পড়েছিল, তা পুরোপুরি না কাটলেও গতকাল লোকজনের উপস্থিতি বাড়ায় বিক্রিও কিছুটা বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা জানালেন, কাদাপানির সমস্যায় ক্রেতাদের চলতে অসুবিধা হচ্ছে। অনেক স্টলের সামনেই পানি জমে আছে। ভেতরে যে বালু ফেলা হয়েছে, তা পর্যাপ্ত নয়। এর ফলে যেসব স্টলের সামনে কাদাপানি জমে আছে, ক্রেতারা সেখানে যাচ্ছেন না।
মেলার ভেতরের দৃশ্যটিও প্রকৃতপক্ষে এ রকমই ছিল। শুকনো জায়গাগুলোতে লোকজনের জটলা, কাদাপানির জায়গাগুলো ফাঁকা। ফলে প্রকাশকদের সবাই ক্রেতাদের কৃপাদৃষ্টি পাননি গতকাল।
ভৌতিক উপন্যাস
ভূতে বিশ্বাস থাক আর নাই থাক, ভূতের কাহিনির প্রতি আলাদা একটি আকর্ষণ বরাবরই থাকে সব বয়সের পাঠকের। কাল প্রথমা প্রকাশনের স্টলে এসেছে শরিফুল ইসলাম ভূঁইয়ার গা ছমছমে ভৌতিক উপন্যাস খিলটুসের খপ্পরে। এর পাশাপাশি প্রথমার স্টলে গতকাল রায়হান রাইনের উপন্যাস আগুন ও ছায়া, আকবর আলি খানের প্রবন্ধ চাবিকাঠির খোঁজে, মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি বেশ ভালো চলেছে।
মোড়ক উন্মোচন ও নতুন বই
গতকাল ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে নজরুল মঞ্চে। এর মধ্যে ছিল মীরাক্কেলখ্যাত আবু হেনা রনির কৌতুক ল্যাও ঠেলা ও আনোয়ারুল আলম সজলের হা হুতাশ। বই দুটির মোড়ক উন্মোচন করেন আহসান হাবীব। প্রকাশ করেছে রূপ প্রকাশন।
বিরূপ আবহাওয়ার কারণে নতুন বইয়ের প্রকাশনাতেও ভাটার টান পড়েছে। তথ্যকেন্দ্রের তালিকায় গতকাল নতুন বইয়ের নাম ছিল ৫৮টি। এর কয়েকটি হলো: অন্যপ্রকাশ থেকে আতিউর রহমানের ব্যাংকিংবিষয়ক মানবিক ব্যাংকিং, অনন্যা থেকে মুহাম্মদ জাহাঙ্গীরের প্রবন্ধ নতুন ধারার রাজনীতি ও সরকার, অ্যাডর্ন থেকে মিনার মনসুরের প্রেমের কবিতা, সূচিপত্র থেকে হাসান হাফিজের শিশুতোষ চাষীর গাভী ও তিন ছেলে, শুদ্ধস্বর থেকে প্রশান্ত মৃধার উপন্যাস জল ও জলের তরঙ্গ এসব। এ ছাড়া এবারের মেলার কয়েকটি নতুন বইয়ের মধ্যে আছে বেঙ্গল পাবলিকেশন্স থেকে শিল্পী রফিকুন নবীর ছড়া ও ছবির বই নোটন নোটন ছোটন পাখি। শিল্পী আজ মঙ্গলবার ও কাল বুধবার বিকেলে স্টলে বসে বইতে অটোগ্রাফ দেবেন বলে জানালেন বিক্রেতারা। এ ছাড়া অবসর থেকে এসেছে সমাজতন্ত্রের চর্চা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে বরেন চক্রবর্তীর দীর্ঘ উপন্যাস রাশিয়ার মেয়ে, গতিধারা এনেছে ওয়াকিল আহমদের প্রবন্ধ ঘাটু গান। প্রতীক থেকে এসেছে ওয়াসিফ-এ-খোদার সম্পাদিত ছড়াগ্রন্থ ছড়া টোকাই, জাগৃতি থেকে আসজাদুল কিবরিয়ার প্রবন্ধ অর্থনীতির অনর্থ, রোদেলা থেকে এসেছে প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে আইয়ুব আহমেদের বালুকাবেলা, শুদ্ধস্বর থেকে শাহাদুজ্জামান ও ইফতেখার মাহমুদের প্রবদ্ধ কবীর ভজন শুনে পুণ্যবান।
মেলা মঞ্চে
গতকাল বিকেলে মেলামঞ্চে ছিল ‘মাহমুদুল হকের কথাসাহিত্যে গদ্যশাসন’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন আবু হেনা মোস্তফা এনাম। আলোচনা করেন আনিসুল হক ও আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন রফিক কায়সার। পরে ছিল লোকসংগীতের অনুষ্ঠান।