ফিরছেন আরও ১৫৯ অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে উদ্ধার আরও ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে আজ বুধবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
গত ৩০ জুলাই এই ১৫৯ জনকে দেশে ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের কারণে তা স্থগিত রাখা হয়।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, বুধবার (আজ) সকাল ১০টার দিকে তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে যাবে। তারপর সেখানে মিয়ানমারের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হবে। ওই বৈঠকে ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ঘুমধুম সীমান্ত থেকে ১৫৯ অভিবাসীকে বাসে তুলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসবে পুলিশ। তারপর সেখানে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
পুলিশ জানায়, ১৫৯ জন অভিবাসীর মধ্যে নারায়ণগঞ্জের ১২ জন, কিশোরগঞ্জের ১৩ জন, চট্টগ্রামের ১৮ জন, ফরিদপুরের ১২ জন, হবিগঞ্জের ১৭ জন, নরসিংদীর ৮০ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন, শরিয়তপুরের তিনজন ও বরিশালের একজন।
২২ জুলাই মিয়ানমার থেকে তৃতীয় দফায় ১৫৫ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে গত ১৯ জুন দ্বিতীয় দফায় ৩৭ জন ও ৮ জুন প্রথম দফায় ১৫০ জন অভিবাসী দেশে ফিরে আসেন।