ফিরতি টিকিট ঈদের আগেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে ঠাকুরগাঁও আসেন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত জাকির হোসেন। ঈদের চার দিন আগেই ঢাকায় যাওয়ার টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি। এ কাউন্টার ও কাউন্টারে হন্যে হয়ে ঘুরে টিকিট সংগ্রহ করতে পারেননি তিনি। ফিরতি টিকিটের সংকটে এমন সমস্যায় পড়েছেন অনেক মানুষ।ঠাকুরগাঁওয়ের নরেশ চৌহান সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও তাঁতীপাড়ার ঢাকার বাস কাউন্টারগুলোতে ২৫ আগস্ট সকালে গিয়ে দেখা যায়, অনেক বাস কাউন্টারের সামনে ‘ঈদের পরের সাত দিনের কোনো টিকিট নেই’ কাগজে লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে। টিকিট কাটতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসছেন অনেকে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ঢাকার ১৩টি পরিবহন কোম্পানির ৪৪টি বাস নিয়মিত চলাচল করছে। ঘরমুখী মানুষের সেবা দিতে তাঁরা ঈদ মৌসুমে বাসের সংখ্যা বাড়িয়ে দেন।ঘোষপাড়ার আবদুর রহমান বলেন, বাস কাউন্টারের ম্যানেজাররা টিকিটের যে সংকটের কথা বলছেন, তা ঠিক নয়। কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে বাড়তি কিছু আদায় করে নেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য। এ অবস্থায় নির্ধারিত ছুটি শেষে ঢাকায় না ফিরতে পারলে যাঁদের চাকরিসংক্রান্ত ঝামেলায় পড়তে হবে, তাঁরা বাধ্য হয়ে বেশি মূল্যে টিকিট কিনে নিতে বাধ্য হন।বাড়তি ভাড়ার কারণ সম্পর্কে শ্যামলী পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক রমজান আলী বলেন, সরকার নির্ধারিত রেটেই তাঁরা ভাড়া নিচ্ছেন। তবে ঈদ ছাড়া অন্য সময়ে ভাড়া কম নেই বলে এখন এটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে। এ ছাড়া ঈদ মৌসুমে ফিরতি গাড়ি একেবারে খালি আসে।ঠাকুরগাঁওয়ের হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক নারায়ণ দাস জানান, যাঁরা ঠাকুরগাঁও এসে বা আত্মীয়স্বজনের মাধ্যমে আগেভাগেই টিকিট কেটে রেখেছেন, তাঁরাই স্বচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারছেন। বাকিদের দুর্দশা লাঘবে আপাতত করার কিছু নেই বলে জানান তিনি। তবে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ঠিক নয়।