ফিরতি টিকিট না পাওয়ায় ঈদের আনন্দ মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার শুক্র ও শনিবার ঈদের ছুটির মধ্যে পড়ায় ঈদের ছুটি অন্য বছরের তুলনায় কম। তাই অনেকেই বাড়তি দুই-তিন দিনের ছুটি নিয়েছেন। তবে যাঁরা ঈদের তিন-চার দিন পরেই রাজধানীতে ফিরবেন বলে মনস্থির করেছেন তাঁদের অনেকেরই এখন মাথায় হাত।
কারণ, কাউন্টারগুলোতে ঈদের আগেই রাজধানীতে ফেরার অগ্রিম টিকিট বিক্রি শেষ। ফলে অনেকেই এখন নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকায় ফিরতে পারবেন কি না, এই দুশ্চিন্তায় পড়েছেন। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসে ফিরতি টিকিট না পেয়ে অনেকরই ঈদের আনন্দ মাটি হতে চলেছে।
নওগাঁর বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ জুলাই পর্যন্ত প্রায় সব কাউন্টারেই নির্ধারিত টিকিট বিক্রি শেষ। ফলে যাঁরা ঈদের ছুটি শেষে ২৫ বা ২৬ তারিখের মধ্যে কর্মস্থলে ফিরতে চান টিকিট না পেয়ে তাঁদের এখন মাথায় হাত। বাড়তি টাকা দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না। টিআর ট্রাভেলস, এসআর ট্রাভেলস, হানিফ, শ্যামলী, কেয়া পরিবহনসহ ঢাকা-নওগাঁয় চলাচল করা বাস কাউন্টারগুলোতে রাজধানীতে ফেরার অগ্রিম টিকিট কিনতে এসে অনেককেই ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, সান্তাহার রেলস্টেশনেও ৩০ জুলাই পর্যন্ত ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না।
নওগাঁ এসআর কাউন্টারে গত বুধবার কথা হয় শাহ আলম নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি ঢাকায় বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, ‘ঈদের আগেই দুই দিন বাড়তি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। সেই হিসেবে ২৩-২৪ তারিখে কর্মস্থলে ফিরতে হবে। কিন্তু প্রায় সব কাউন্টারে খোঁজ নিলাম কোথাও ৩০ জুলাই পর্যন্ত ঢাকায় যাওয়ার টিকিট নেই। সান্তাহার রেলস্টেশনেও খোঁজ নিয়েছি, সেখানেও টিকিট নেই। কী করব চিন্তা করতে পারছি না।’
হানিফ কাউন্টারে অগ্রিম টিকিট না পেয়ে ফিরে যাচ্ছিলেন জাকির হোসেন। তিনি বলেন, ‘আমার বাড়ি নওগাঁ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাপাহারে। সেখান থেকে এসেছি। কিন্তু কাউন্টারে কোনো টিকিট নেই। বেসরকারি কোম্পানিতে চাকরি করি। নির্দিষ্ট সময়ে ঢাকায় ফিরতে না পারলে সমস্যা হবে।’
এসআর কাউন্টারের টিকিট মাস্টার মোর্শেদ আলম, টিআর ট্রাভেলসের আবদুল্লাহ মামুন, হানিফ কাউন্টারের কামাল হোসেন, ডিপজল পরিবহনের নওগাঁ শাখার ব্যবস্থাপক আকিনুর রহমান বলেন, ৩০ জুলাই পর্যন্ত এসব কাউন্টারে কোনো অগ্রিম টিকিট নেই। ঈদ উপলক্ষে এসি-ননএসি বাসের টিকিটের মূল্য ১০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে—এ ব্যাপারে তাঁরা বলেন, মালিকেরাই বাড়তি ভাড়া ঠিক করে দেওয়ায় তাঁদের কিছু করার নেই।