ফিরতি ট্রিপ ধরতে মধ্যরাতে ঘাটে যাত্রী নামানো, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথের লঞ্চগুলো ফিরতি ট্রিপ ধরতে মধ্যরাতে বরিশাল নৌবন্দরে যাত্রী নামিয়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এতে দূরদূরান্তের যাত্রীরা পড়ছেন দুর্ভোগে। তবে লঞ্চমালিকদের দাবি, ঈদে বাড়ি ফেরার জন্য ঢাকায় যাত্রীরা অপেক্ষা করছেন। তাই বরিশালে যাত্রীদের পৌঁছে দিয়ে আবার খালি লঞ্চ নিয়ে দ্রুত ঢাকায় যেতে হচ্ছে।
লঞ্চযাত্রীরা জানান, মধ্যরাতে বরিশাল ঘাটে লঞ্চ পৌঁছার সঙ্গে সঙ্গে ডেক ও কেবিনের যাত্রীদের ঘুম থেকে তুলে নেমে যেতে বলা হয়। রাতে অনেকে নামতে না চাইলে এ নিয়ে লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বচসাও হয়।
গতকাল রোববার মাহবুব হোসেন নামের এক লঞ্চযাত্রী বলেন, ‘রাত তিনটায় যাত্রীদের ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে। সকাল না হওয়া পর্যন্ত যাত্রীরা কোথায় যাবে? এত যাত্রী। বন্দরে বসার জায়গাও নেই।’
পারাবত লঞ্চের যাত্রী ইসরাত জাহান বলেন, ‘বাচ্চা ছেলেমেয়ে নিয়ে ঢাকা থেকে কেবিনে এসেছি। রাতে নামিয়ে দিয়ে লঞ্চ চলে গেছে। সকাল না হওয়া পর্যন্ত ঘাটে থেকেছি।’
জানতে চাইলে সুন্দরবন লঞ্চের মালিক এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদে যাত্রীদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডাবল ট্রিপ চালু করেছি। তাই ভোররাতে যাত্রীদের ঘাটে নামিয়ে দিয়ে আবার ঢাকায় চলে যেতে হচ্ছে। ডাবল ট্রিপ চালাতে গিয়ে যাত্রীদের কিছুটা সমস্যা হচ্ছে।’
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে ঘাটে যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে। কিন্তু যাত্রীদের অনেক চাপ। তাই কিছু সমস্যা হচ্ছে।