ফিরতি পথে বাড়তি ভাড়া ও যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ জন্য গাড়ির চাপ বেশি ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ ​িব্রজের ওপর। ছবিটি গতকাল বেলা দেড়টায় তোলা l প্রথম আলো
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ জন্য গাড়ির চাপ বেশি ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ ​িব্রজের ওপর। ছবিটি গতকাল বেলা দেড়টায় তোলা l প্রথম আলো

ময়মনসিংহের পাটগুদাম এলাকায় বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। একই এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। এই দুই কারণে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষকে ময়মনসিংহে নাকাল হতে হয়েছে। গতকাল বুধবার ওই এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
গতকাল সকাল ও বিকেলে ময়মনসিংহ শহরের আন্তজেলা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় সরেজমিনে দেখা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট, শেরপুর, নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আগে এই লোকাল বাসগুলো ১২০ থেকে ১৫০ টাকা ভাড়ায় যাত্রীদের ঢাকা নিয়েছে। কিন্তু গতকাল ২৫০ টাকা করে ভাড়া নিতে দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, তাঁদের জিম্মি করে প্রতিবছর ঈদে এসব বাস এভাবেই বাড়তি ভাড়া আদায় করে থাকে। হারুনুর রশিদ নামের একজন যাত্রী বলেন, বাসগুলো ২৫০ টাকা করে ভাড়া আদায় করছে। অথচ ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত বিলাসবহুল বাসের ভাড়াই ২২০ টাকা। এভাবে প্রকাশ্যে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় ক হলেও এসব নিয়ন্ত্রণের কেউ নেই।
শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের চালকের নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী বলেন, বছরের দুই ঈদে একটু বেশি ভাড়া নেওয়া হয়। এটাই নিয়ম।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার বলেন, ‘ময়মনসিংহে ওই বাসগুলোর কোনো টিকিট কাউন্টার না থাকায় আমাদের নিয়ন্ত্রণ নেই। তবু আমরা যাত্রী ভোগান্তি কমাতে নিয়ন্ত্রিত ভাড়া নেওয়ার জন্য চালক ও কর্মীদের সর্বোচ্চ অনুরোধ করি।’
গতকাল বুধবার ময়মনসিংহ পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় সারা দিন কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহান বাসযাত্রীরা।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাসসহ সব ধরনের যানবাহন লেন মেনে চলাচল করেছে। কিন্তু নিয়মিত বাসের বাইরে রাজধানীর ভেতর চলাচল করা বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে যাত্রী পরিবহন করছে। এ কারণে সড়কে বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।