ফিরতি পথেও অতিরিক্ত ভাড়া গুনছেন যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকাগামী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচায় এসে গতকাল মঙ্গলবার পরিবহন-সংকটে পড়ে। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন বাসমালিক ও চালকেরা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গতকাল দুপুরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী হাকিম সাবরিনা সুলতানা উভয় ঘাটেই (পাটুরিয়া ও আরিচা) অভিযান চালান। এ সময় বেশ কয়েকটি বাসের আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য এসব বাসের চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে গত রোববার থেকে ঢাকার দিকে ছুটছে হাজারো মানুষ। গতকাল থেকে পাটুরিয়া ও আরিচায় বেড়ে যায় ফিরতি পথের মানুষের চাপ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ ভিড় জমায় এই পাটুরিয়া ও আরিচা ঘাটে। ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসি, যাত্রীসেবা, পদ্মা লাইন ও নবীনবরণ পরিবহনের লোকাল বাসের পাশাপাশি অন্য যাত্রাপথের বাসও যাত্রী পরিবহন করছে। কিন্তু যাত্রীর তুলনায় পরিবহন স্বল্পতার কারণে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এ সুযোগ কাজে লাগিয়ে পরিবহনের মালিকেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করছেন। তবে বিআরটিসি নির্ধারিত ভাড়া নিচ্ছে।

গতকাল সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে লোকাল বাসের পাশাপাশি অন্য রুটেরও বিভিন্ন পরিবহনের বাস ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী পরিবহন করছে। দৌলতদিয়া থেকে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছে হাজার হাজার যাত্রী। এরপর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিয়ে বাসে উঠে যাত্রীরা ঢাকার দিকে ছুটছে। বাসে আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছে। আবার অনেকে বাসের ছাদেও উঠছে। একই চিত্র আরিচা ঘাটেও। পাবনার কাজীহাট থেকে লঞ্চ ও ইঞ্জিনচালিত ট্রলারে করে আরিচা ঘাটে যাত্রীদের নামানো হচ্ছে।

বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাটুরিয়া থেকে গাবতলী ও আরিচা থেকে গাবতলী পর্যন্ত বিআরটিসির নির্ধারিত বাসের ভাড়া ১১৮ টাকা। তবে অন্যান্য লোকাল বাসের ভাড়া ৯০ টাকা। কিন্তু বাসমালিক ও চালকেরা প্রতি যাত্রীর কাছ থেকে ২০০ টাকা করে ভাড়া আদায় করছেন। এ ছাড়া বাসের ছাদে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। বিআরটিসি বাসের ভাড়া না বাড়লেও ঢাকার ছাড়া কোনো যাত্রী তুলছে না। ফলে পিকআপ ভ্যান ও হিউম্যান হলারে করে দ্বিগুণ ভাড়া দিয়ে মানিকগঞ্জ, নবীনগর ও সাভারের যাত্রীরা গন্তব্যে যাচ্ছে।

পাটুরিয়া ঘাটে আসা রাজবাড়ী সদরের সুলতানপুর গ্রামের আবদুল মজিদ মোল্লা এবং আরিচা ঘাটে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া গ্রামের আরিফুল হক ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, ঈদের আগে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ি গিয়েছিলেন। কর্মস্থলে ফিরতেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। প্রতিবাদ করলে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।