ফিরতি পথের বাসযাত্রীদের গচ্চা কোটি টাকা
ঈদ শেষে ফিরতি পথে ঠাকুরগাঁওয়ের দূরপাল্লার বাসযাত্রীদের কাছ থেকে টিকিটের গলাকাটা দাম নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবহন কাউন্টারগুলো পবিত্র ঈদুল আজহার পরের ১০ দিনের জন্য কোটি টাকারও বেশি বাড়তি ভাড়া আদায় করেছে।
গত ২৫ আগস্ট থেকে ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়। দুদিনের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়।
জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ঢাকার পথে নিয়মিত ৫৫টি চেয়ার ও ৪টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচ চলাচল করে। ঈদের সময় যাত্রীদের চাপ দেখে বাসমালিকেরা নিয়মিত যাত্রাসূচির বাইরেও বিশেষ বাস বরাদ্দের ব্যবস্থা করেন। এতে ঠাকুরগাঁও-ঢাকা সড়কপথে এসি ও নন-এসি মিলিয়ে ৮৫টির ওপরে চেয়ারকোচ চলাচল করে। সে হিসাবে প্রতিদিন ঠাকুরগাঁও থেকে নন-এসি চেয়ারকোচে ৩ হাজার ২০০ ও এসি কোচে ১৬৯ জন ঢাকার পথে রওনা হবেন। সাধারণত ফিরতি পথে যাত্রীদের এই চাপ থাকে ঈদের পরের ১০ দিন পর্যন্ত।
বাসযাত্রীরা অভিযোগ করেন, ঈদের আগে ঠাকুরগাঁও থেকে ঢাকার পথে হানিফ এন্টারপ্রাইজের ৩৩ সিটের এসি বাসের জনপ্রতি ভাড়া নেওয়া হতো ১ হাজার ৫০০ টাকা। ঈদের অজুহাত দেখিয়ে নেওয়া হচ্ছে ২ হাজার ৪০০ টাকা। ৪০ সিটের এসি বাসের ভাড়া ৯০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা।
ঈদের আগে নাবিল এন্টারপ্রাইজের ঢাকার এসি স্কেনিয়া বাসের ভাড়া ছিল ১ হাজার ৫০০ ও আরএম-টু এসি বাসের ভাড়া ১ হাজার ১০০ টাকা। এখন তা বাড়িয়ে যথাক্রমে ২ হাজার ৪০০ ও ২ হাজার টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া হানিফ, নাবিল, শ্যামলী, কেয়া পরিবহন, রোজিনা এন্টারপ্রাইজ, এসআই এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ, বাবলু এন্টারপ্রাইজসহ নন-এসি বাসের টিকিটের দাম ৫৫০ থেকে ৬০০ টাকা নেওয়া হলেও এখন নেওয়া হচ্ছে ৮৫০ টাকা করে।
বাড়তি ভাড়ার হার বিশ্লেষণ করলে দেখা যায়, এসি বাসের ১৬৯ জন যাত্রীর কাছ থেকে ৯০০ টাকা করে প্রতিদিন বাড়তি ১ লাখ ৫২ হাজার ১০০ টাকা ও নন-এসি চেয়ারকোচের ৩ হাজার ২০০ যাত্রীর কাছ থেকে প্রতিদিন ৮ লাখ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। ঈদের পরের ১০ দিনের হিসাব করলে এসি কোচের যাত্রীদের কাছ থেকে ১৫ লাখ ২১ হাজার ও নন-এসির চেয়ারকোচের যাত্রীদের কাছ থেকে ৮০ লাখ টাকা বাড়তি নেওয়া হয়েছে। চট্টগ্রামের পথের তিনটি বাসের যাত্রীদের কাছ থেকে ১০ দিনে বাড়তি ভাড়া নেওয়া হয় ৪ লাখ ৮০ হাজার টাকা।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ (সওজ) বিভাগঠাকুরগাঁও থেকে ঢাকার জিরো পয়েন্ট পর্যন্ত দূরত্ব দেখিয়েছে ৪০৭ কিলোমিটার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারণ করা দূরপাল্লার বাসভাড়ার তালিকায় এই দূরত্ব উল্লেখ করা হয়েছে ৩৮৭ কিলোমিটার। বিআরটিএ প্রতি কিলোমিটারের বিপরীতে বাসের ভাড়া ধরেছে ১ টাকা ৪২ পয়সা। সে হিসাবে ৩৮৭ কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া হয় ৫৪৯ টাকা ৫৪ পয়সা। এর সঙ্গে বঙ্গবন্ধু সেতু পারাপারের টোলের জন্য জনপ্রতি ২০ টাকা ধরে ভাড়া ৫৬৯ টাকা ৫৪ পয়সা হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তৈরি করা সর্বশেষ দূরত্ব অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ তালিকায় ঠাকুরগাঁও থেকে ঢাকার দূরত্ব দেখানো হয়েছে ৪২৫ কিলোমিটার। সে হিসাবে বাসভাড়া ৬০৩ টাকা ৫০ পয়সা হয়। এর সঙ্গে ওনার্স অ্যাসোসিয়েশনের ধরা যাত্রীপ্রতি সেতুর টোল ৩২ টাকা ৪০ পয়সা যোগ দিয়ে বাসভাড়া দাঁড়ায় ৬৩৫ টাকা ৯০ পয়সা। কিন্তু সংগঠনটি ঠাকুরগাঁও-ঢাকার বাসভাড়া দেখাচ্ছে ৮০১ টাকা ৮৬ পয়সা।
বিআরটিএ ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আলম বলেন, ঈদের ফিরতি পথে বাড়তি বাসভাড়া নেওয়ার কথা তিনি শুনেছেন। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।