ফিরতি বাসে বাড়তি ভাড়া
ঠাকুরগাঁও থেকে দূরপাল্লার বাসে ঈদ শেষের ফিরতি পথের আগাম টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসগুলোতে ফিরতি ভাড়া স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে।
ঠাকুরগাঁও থেকে ঢাকা আসার হানিফ এন্টারপ্রাইজের এসি বাসের স্বাভাবিক ভাড়া এক হাজার ১০০ টাকা। ঈদের অজুহাত দেখিয়ে এখন নেওয়া হচ্ছে দুই হাজার টাকা। নাবিল পরিবহনের এসি বাসের স্বাভাবিক ভাড়া এক হাজার টাকা হলেও তাঁরা এখন দেড় হাজার টাকা। ঈদের আগে হানিফ, নাবিল, শ্যামলী, কেয়া পরিবহন, মেহেরুন ক্ল্যাসিক, রোজিনা এন্টারপ্রাইজ ও বাবলু এন্টারপ্রাইজের নন এসি বাসের টিকিটের দাম ৫৫০ থেকে ৬০০ টাকা নেওয়া হলেও এখন তারা নিচ্ছে ৮৫০ টাকা করে। স্বল্প আয়ের লোকজনের চলাচলের জন্য পরিচিত তাজ, আহসান এন্টারপ্রাইজ, জোয়ানা, আলম প্রভৃতি পরিবহনে টিকিটের দাম নেওয়া হচ্ছে ইচ্ছামতো।
শহরের বঙ্গবন্ধু সড়কের তাজ পরিবহনের কাউন্টারে গতকাল মঙ্গলবার দেখা গেছে, টিকিটের অতিরিক্ত দাম নিয়ে একজন ক্রেতার সঙ্গে একটি বাসের টিকিট বিক্রেতার তর্ক চলছে। বিক্রেতার সাফ কথা—টিকিটের অতিরিক্ত দাম সম্পর্কে এত জবাবদিহি করতে পারবেন না। না পোষালে অন্য বাসে যাওয়ার পরামর্শ দেন ওই টিকিট বিক্রেতা।
তখন কথা হয় রুহুল আমিন নামের আরেক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘কোথাও টিকিট পাইনি বুঝতে পেরে কাউন্টারের লোকজন ঢাকার একটি টিকিট এক হাজার টাকা দাবি করছেন। উপায় না দেখে আমি সেটাই নিতে বাধ্য হই। যদিও ঈদের আগে ৪৫০ থেকে ৫৫০ টাকায় এই টিকিট বিক্রি হতো।’
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শহরের হাজীপাড়ার রাইসুল আলম। তাঁর জন্য হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে টিকিট কিনতে এসেছিলেন ছোট ভাই ও ঠাকুরগাঁওয়ের নরেশ চৌহান সড়কের বাসিন্দা রবিউল আলম। তিনি বলেন, ‘ঈদের সময় এলেই আমরা পরিবহনগুলোর কাছে জিম্মি হয়ে পড়ি। তারা গলা কাটা দাম রেখে আবার প্রতি টিকিটের বিপরীতে বোনাসও চায়। কিন্তু প্রশাসন সব সময় বলে, টিকিটের অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঘোষপাড়ার আবদুর রহমান বলেন, ‘টিকিট বিক্রেতারা কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছেন। সংকটের কথা শুনেই যাত্রীরা আর অতিরিক্ত দামের প্রতিবাদ করেন না। নির্ধারিত ছুটি শেষে ঢাকায় না ফিরতে পারলে যাঁদের ঝামেলায় পড়তে হবে, তাঁরা বাধ্য হয়েই বেশি মূল্যে টিকিট কিনে নেন।’
নাবিল পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক শাহদাৎ হোসেন বলেন, শুধু ঈদের সময়ই সরকারনির্ধারিত ভাড়া নেন তাঁরা। অন্য সময় নির্ধারিতের ভাড়ার চেয়ে কম নেওয়া হয়। তাঁর দাবি, ঈদ মৌসুমে ফিরতি গাড়ি একেবারে খালি আসে। রাস্তার চাঁদাবাজিও হয়। এসব খরচ পোষাতে কিছুটা বাড়তি টাকা নিতেই হচ্ছে। তিনি বলেন, ‘অন্য সব পরিবহনের তুলনায় আমরা টিকিটের দাম সহনশীলভাবে বাড়িয়েছি।’
টিকিটের অতিরিক্ত দাম প্রসঙ্গে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নারায়ণ দাস বলেন, ঈদের আগাম টিকিট দেওয়ার ক্ষেত্রে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থানীয়ভাবে নেওয়া হয় না। ঢাকা মালিক সমিতিই এ সিদ্ধান্ত নেয়।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ঈদ শেষে ফিরতি পথের বাসের আগাম টিকিটের দাম বাড়ানোর বিষয়ে সমিতিকে কিছুই জানানো হয়নি।