ফিরতি যাত্রা, পুরোনো দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির জায়গা দখল করেছে জনস্রোত। গতকাল দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া অধিকাংশ ফেরির চিত্র িছল এমনই। ঘাটে দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রীদের অনেকেই বাস ছেড়ে ফেরিতে করে নদী পার হয়। বেলা দুইটায় তোলা ছবি l এম রাশেদুল হক
গাড়ির জায়গা দখল করেছে জনস্রোত। গতকাল দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া অধিকাংশ ফেরির চিত্র িছল এমনই। ঘাটে দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রীদের অনেকেই বাস ছেড়ে ফেরিতে করে নদী পার হয়। বেলা দুইটায় তোলা ছবি l এম রাশেদুল হক

গন্তব্য বদলেছে, কিন্তু দুর্ভোগের রূপ বদলায়নি; বরং বেড়েছে। গতকাল শনিবারের ঢাকামুখী বাস, ট্রেন ও লঞ্চে ছিল ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা।
ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখী যাত্রায় মহাসড়কে ভুগতে হয়েছে মানুষকে। গতকাল শনিবার ফিরতি যাত্রায় যানজটের সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। ফলে গতকাল দিনভর মহাসড়কে এবং ঢাকায় নেমে ভোগান্তিতে পড়েন মানুষ। আজ পুরোদমে খুলবে অফিস-আদালত। তাই গতকাল সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ পরিবার-পরিজন নিয়ে একযোগে ঢাকার পথে রওনা হন।
গতকাল বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি পথে প্রায় এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সড়কপথে ঢাকামুখী যাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। উত্তরের পথে গাজীপুরের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের যানজট ঈদের আগের দুর্ভোগকে হার মানায়। নিরাপদ ট্রেনযাত্রা কিছুটা তিক্ততায় পরিণত হয় সময়সূচি বিপর্যয়ের কারণে। গতকালও অনেক ট্রেন তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছে। তবে এবারের ঈদ-পূজায় লঞ্চযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। যদিও কাল সব লঞ্চই ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে বৈরী আবহাওয়ায় পাড়ি দিয়েছে।
লম্বা ছুটির পর গত বুধ ও বৃহস্পতিবার দুটি কর্মদিবস চলে গেছে। কিন্তু ঢাকার আসল রূপ ফিরে আসেনি। তবে সড়ক, রেল ও নৌপথে গত দুই দিনের মানুষের স্রোত আজ রোববারের কর্মদিবসটি কর্মচঞ্চল রাজধানীরই ইঙ্গিত দিচ্ছে।
বিকেল সাড়ে চারটায় গাবতলী টার্মিনালের উল্টো দিকের একটি দোকানের সামনের শেডের নিচে দাঁড়িয়ে ছিলেন আল মামুন ও রোখসানা বেগম। বৃষ্টিতে ভিজে একাকার। নিজে ভিজলেও কোলে থাকা ছোট্ট ছেলের মাথা বাঁচাতে একটা কাপড় দিয়ে ঢেকে দেন। আর রোখসানার হাতে দুটি ব্যাগ। অনেক মানুষের মধ্যে কোনোরকমে গাদাগাদি করে দাঁড়াতে পেরেছেন তাঁরা।
মামুন জানান, তাঁরা ফরিদপুর থেকে জাকের পরিবহনের একটি বাসে গাবতলী এসেছেন। নেমে দোকানে ঠাঁই নিতে নিতেই ভিজে গেছেন। এখন যাবেন নাখালপাড়া। কিন্তু এই পথে সরাসরি কোনো বাস নেই। বৃষ্টিতে ভিজে সিএনজিচালিত অটোরিকশার খোঁজ করেও পাননি। তাই অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই।
বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল এলাকার প্রতিটি দোকান, ভবন ও রেস্তোরাঁর সামনে এভাবে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দূরপাল্লার একেকটি বাস থামছে, আর ঢাকায় ফেরা মানুষজন বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে আশ্রয় খুঁজছেন। গাবতলী টার্মিনালের উল্টো দিকের চায়ের দোকানি মকবুল হোসেন বলেন, ‘মানুষের চেয়ে ব্যাগ বেশি। দাঁড়ানোরও জায়গা নাই। কী অবস্থা!’
আল মামুন আর রোখসানা বলেন, কথা ছিল লঞ্চে পদ্মা পার হয়ে পাটুরিয়া থেকে এপারের বাসে উঠবেন। কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে জানতে পারেন, বৈরী আবহাওয়ার জন্য লঞ্চ চলাচল বন্ধ। মালপত্র নিয়ে পরে ফেরিতে চড়ার উদ্যোগ নেন। সেখানেও মানুষের প্রচণ্ড ভিড়। ছোট্ট শিশু নিয়ে হেঁটে অনেক কষ্টে ফেরিতে উঠতে পারেন। তাঁরা জানান, জাকের পরিবহনে ফরিদপুর থেকে প্রতিজনের জন্য সাড়ে ৪০০ টাকা ভাড়া গুনতে হয়েছে। অন্য সময় এই পথের ভাড়া আড়াই শ টাকা। এই বাসের যাত্রী পোশাক কারখানার কর্মী সুমনা বেগম, জলি ও মোমেনা বেগম একই দুর্ভোগের কথা জানান।
ছয় সহযোগীসহ মো. মিরাজ পাবনা থেকে ভেঙে ভেঙে ঢাকায় আসার বর্ণনা দেন এভাবে—প্রথমে স্থানীয় বাহনে নগরবাড়ী। এরপর ট্রলারে নদী পাড়ি দিয়ে আরিচা ঘাট। সেখান থেকে যাত্রীসেবা লোকাল বাসে গাবতলী আসেন ২০০ টাকায়। অথচ এই যাত্রীসেবা বাসে অন্য সময় ভাড়া ৯০ টাকা। মিরাজ জানান, তাঁরা খিলখেত এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। ঈদের আগেও একইভাবে ভেঙে ভেঙে তাঁরা বাড়ি গেছেন।
এভাবে বাড়ি যেতে কেমন লাগে জানতে চাইলে তত্ত্বাবধায়কের চাকরি করা মিরাজ বলেন, ‘আমাদের মূল তো পাবনায়। এখানে তো পেটের টানে আসা। আর আমাদের বড় আনন্দই ঈদ। পরিবারের লোকজন ছাড়া আর আপন কে আছে। তাই প্রতিবারই কষ্ট হবে। এর পরও বাড়ি যাবই।’
এ তো গেল দক্ষিণের পথের যাত্রীদের দুর্ভোগ। উত্তরের পথের যাত্রীদের বেশির বড় দুর্ভোগ গাজীপুরের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত। ঈদের আগেও এই পথে দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। এখন ফিরতি যাত্রাতেও একই অবস্থা। গতকাল এই পথের যাত্রীদের দুই থেকে তিন ঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন স্থান থেকে তাঁদের যেসব বাস শুক্রবার রাত ১১টায় ছাড়ার কথা ছিল, সেগুলো ছাড়ে শনিবার সকাল সাড়ে সাতটায়। কারণ, যানজটের কারণে বাস ঠিক সময়ে পৌঁছতে পারছে না। ফলে ফিরতি যাত্রায় যাত্রী নিয়ে আসতেও দেরি হচ্ছে। তিনি জানান, চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজট লেগেই আছে। এর বাইরে থেমে থেমে সিরাজগঞ্জের কড্ডা মোড়, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে যানজট হয়।
আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গতকাল ঢাকামুখী যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে গোলকধাঁধায় পড়ে যান। লঞ্চ না পেয়ে ফেরিঘাটে, ফেরিতে উঠতে না পেরে আবার লঞ্চঘাটে—এভাবে মানুষকে ঘুরপাক খেতে দেখা যায়।
এর মধ্যে দুপুরে এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফেরিঘাট থেকে চার কিলোমিটার পর্যন্ত মহাসড়কে যাত্রীবাহী বাস ও জরুরি অন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ৩ নম্বর ফেরিঘাট থেকে বিকল্প সড়কের সংযোগস্থল পর্যন্ত ছিল ব্যক্তিগত গাড়ির দুই-তিন সারি।
লঞ্চে নদী পার হয়ে আবার বাসে ওঠার জন্য যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের ভোগান্তি চরমে পৌঁছায়। কারণ, যানজটের কারণে যাত্রীদেরকে ঘাট থেকে দেড়-দুই কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হয়। লঞ্চঘাটে পৌঁছানোর কাঠের সেতুর ওপর মানুষে মানুষে ঠাসাঠাসি। কোথাও দাঁড়ানোর জায়গা নেই। মাঝেমধ্যে ঘাট থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, এখন ঘাটে লঞ্চ নেই বা চলছে না। ভিড়ের কারণে যাত্রীবাহী বাসও ফেরিতে উঠতে বাধা পায়।
মেহেরপুরের গাংনী থেকে পরিবারের সদস্যদের নিয়ে সাভারের পথে রওনা হওয়া পলাশ সরকার বলেন, হেঁটে, ভ্যানে চড়ে লঞ্চঘাটের প্রবেশমুখে এসে ভিড় দেখে মালপত্র নিয়ে ফেরিঘাটে ছোটেন। কিন্তু সেখানেও মানুষের ঠাসাঠাসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, লঞ্চে চাপ পড়ে গেলে ফেরিতে চড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকান্দি পথে এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হলে সব চাপ পড়ে ফেরিতে। তখন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুপুরের পর বৃষ্টি শুরু হলে মাওয়া প্রান্তেও যানবাহনসংকট দেখা দেয়।
বিকেল চারটায় মাওয়া ঘাটে ঢাকার বাসের অপেক্ষায় থাকা রহুল আমিন বলেন, শরীয়তপুর থেকে বেলা ১১টায় কাওড়াকান্দি ঘাটে পৌঁছান। সেখান থেকে মাওয়া ঘাটে আসতে বিকেল চারটা বেজে যায়। সোলেমান খান বলেন, বৃষ্টির ঝাপটায় দাঁড়ানোরও জায়গা নেই। একটা বাস এলে সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। বাচ্চা-কাচ্চা ও স্ত্রীকে নিয়ে এক ঘণ্টা অপেক্ষা করেও বাসে উঠতে পারছেন না।
বিআইডব্লিউটিএর সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, ফেরিতে যাত্রীদের চাপের কারণে যানবাহন কম ওঠাতে হচ্ছে। তাই গাড়ির জট কমানো সম্ভব হচ্ছে না। ফেরি-সংকটের কারণে যাত্রী ও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে।
গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়সহ মহাসড়কে শুক্রবার রাত থেকেই থেমে থেমে যানজট হয়। দুপুর ১২টার পর কিছুটা স্বাভাবিক হয়।
চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ডিবাইন টেক্সটাইল কারখানার শ্রমিক সুলতান মিয়া বলেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে চন্দ্রা ত্রিমোড় আসতে সাধারণত পাঁচ ঘণ্টা সময় লাগে। কিন্তু শুক্রবার রাতে তাঁর আট ঘণ্টা লেগেছে।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহরিয়ার আলম বলেন, এমনিতেই যানবাহনের অতিরিক্ত চাপ। এর সঙ্গে বৃষ্টি এবং কোনাবাড়ী এলাকায় প্রায় ৫০০ মিটার সড়কে ভাঙাচোরার কারণে যানজট বেশি হচ্ছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, শুক্রবার রাতে টাঙ্গাইল এলাকায় মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল-দুর্ঘটনায় পড়ে। এতে রাতে প্রায় ৬০ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়। অবশ্য শনিবার টাঙ্গাইল অংশে যানবাহনের গতি কম থাকলেও যানজট প্রকট হয়নি।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, শুক্রবারের যানজট শনিবার সকালে কমে আসে। তবে যানবাহনের চাপ বেড়ে গেলে সকাল আটটার থেকে বিকেল পর্যন্ত মির্জাপুরের দেওহাটা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার যানজট হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকামুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়। বৃষ্টির কারণে নিরুপায় যাত্রীরা বাড়তি ভাড়া দিয়েও বাস পাচ্ছেন না। অনেককে ভিজেই বাসের ছাদে, ট্রাক ও পিকআপ ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা করতে দেখা যায়।
আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক আশরাফ হোসেন ও রাবেয়া আক্তার দম্পতি বলেন, ঈদের আগে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়িতে যেতে হয়েছে। ঈদ শেষে অর্থসংকটের মধ্যেও দ্বিগুণ ভাড়ায় ফিরতে হচ্ছে।
এনএনবি পরিবহনের বাসের যাত্রী সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়ার আদায়ের প্রতিবাদ করার কারণে পাটুরিয়া ঘাটে এক বাসচালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
পাটুরিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পূর্ণেন্দু দেব বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।