ফিরতি হজ ফ্লাইট ২৮ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে ২৮ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। ২৮ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৪ হাজার ৮৪৫ জন এবং সৌদিয়া এয়ারলাইনস ৫২ হাজার ৪৪৫ জন হজযাত্রী পরিবহন করে। গত ১৬ আগস্ট থেকে বিমান বাংলাদেশ হজ ফ্লাইট শুরু করে। তাদের সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দা যায় ২১ সেপ্টেম্বর।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে নির্ধারিত ১৬টি হজ ফ্লাইট পরিচালনা করে। ১৭ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর তা শেষ হয়। একইভাবে সিলেট থেকে ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যায়।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭৪২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ হাজার ৫৮ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু এর চেয়ে ৩ হাজার ৯৩৪ জন হজযাত্রী বেশি হয়। বিমান বাংলাদেশ ৩৩টি নিয়মিত ও ১১৯টি হজ ফ্লাইটের মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী পরিবহন করে।