ফিরতে উন্মুখ ১১ মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে হারিয়ে ফেলেছে ওরা। বাসিন্দা এখন সিলেট নগরের বাগবাড়ি সেফহোমের। কেউ কেউ নামটুকু ছাড়া কিছুই বলতে পারছে না। কিন্তু বাড়ি ফিরতে, প্রিয়জনের কাছে যেতে চায় ওরা l ছবি: প্রথম আলো
নিজেকে হারিয়ে ফেলেছে ওরা। বাসিন্দা এখন সিলেট নগরের বাগবাড়ি সেফহোমের। কেউ কেউ নামটুকু ছাড়া কিছুই বলতে পারছে না। কিন্তু বাড়ি ফিরতে, প্রিয়জনের কাছে যেতে চায় ওরা l ছবি: প্রথম আলো

কী নাম তোমার? জানতে চাওয়ায় ‘আমি হারাই গেছি...’ বলে কাছে এল। নাম তো আর বলা হয় না। বাড়ি কোথায়? জবাব এক কথায়—‘মায়ের বাড়ি।’ মায়ের কাছে যেতে মন চায়? এ প্রশ্নে এবার কচি মুখে বিষাদের ছায়া। চোখে জল চিকচিক করে।
এ অবস্থা দেখে পাশে এলেন তাদের ‘আপামণি’ সম্বোধনের একজন। জানালেন কাহিনি। সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে মেয়েটিকে পাওয়া যায়। বয়স ছয়-সাত হবে। ‘আমি হারাই গেছি’—এ কথাটি শুরু থেকেই বলতে পারছিল। তবে একেক দিন একেকটা নাম বলছিল। খাওয়াদাওয়া, থাকা ও দেখাশোনা—সবই নিশ্চিত হলেও ফেরার পিপাসা শিশুটির চোখে-মুখে।
এ রকম শুধু একজন-দুজন নয়, ৩২ জনের আশ্রয় হয়েছে সিলেট নগরের বাগবাড়ি এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন—সেফহোম’-এ। তাদের মধ্যে থাকা ১১ জনের সঙ্গে কথা হয় গত সোমবার। সেফহোম কর্তৃপক্ষ এদের হারিয়ে যাওয়া বলে শনাক্ত করেছে। নিজের পরিবারের কাছে তাদের যাওয়া নিশ্চিত হচ্ছে না শুধু ঠিকানা বলতে না পারার কারণে।
সেফহোমের উপতত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা নিবাস রঞ্জন দাশ প্রথম আলোকে জানান, গত ফেব্রুয়ারি পর্যন্ত নিবাস থেকে অব্যাহতি পাওয়ার সংখ্যা ১ হাজার ১ জন। বাকি ৩২ জনের মধ্যে ওরা ১১ জন হচ্ছে হারিয়ে যাওয়া। সবার বয়স ৬ থেকে ১২ বছর।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কাটে হারিয়ে যাওয়া শিশুদের সঙ্গে। একেকজন যেন একেকটি কাহিনি। শারীরিক গড়নে দেখতে সবার বড় দেখাচ্ছিল একজনকে। সে একমাত্র শারীরিক প্রতিবন্ধী। যেন সবার মধ্যমণি। কাণ্ডকীর্তিতে হাসিয়ে মাতিয়ে রাখে সবাইকে। বাড়ি-নাম-ঠিকানা জানতে চাইলে এক বাক্যে ‘নেই’ বলে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করল।
আটপৌরে গড়নের একজন, নাম লিপি। সিলেট নগরে এসে নিজেকে হারিয়ে ফেলে। বাড়ি বলতে বালাগঞ্জ উপজেলার নাম বলতে পারছে। মা-বাবার নামও বলছে। তার আরও তিন ভাই রয়েছে বলে জানায়। মেয়েটির কথামতো বালাগঞ্জ উপজেলায় অনেক খোঁজাখুঁজি করা হয়। ছবি দিয়ে একটি পোস্টারও সাঁটানো হয়েছিল। প্রায় তিন মাস ধরে এ তৎপরতায় কোনো সাড়া পাওয়া যায়নি। লিপিরও দিন কাটে ফেরার অপেক্ষায়।
বাড়ি কোথায় জানতে চাইলে ‘মায়ের বাড়ি’ বলা মেয়েটিকে উদ্ধার করা হয় সিলেট রেলস্টেশন থেকে। নাম তাহমিনা বলে জানায়। ‘জিয়াউর’ নামটি মুখস্থ। এটি তার বাবার নাম। কিন্তু বাড়ি কোথায় বলতে না পারায় তাকেও পৌঁছানো যাচ্ছে না ঠিকানায়।
১১ জনের মধ্যে বয়সে বড় এক কিশোরী, নাম ময়না। প্রায় তিন মাস ধরে এখানে আছে সে। প্রতিদিনই একেক ঠিকানা বলায় তার হারিয়ে যাওয়ারও কোনো সুরাহা হচ্ছে না। সবচেয়ে চৌকস দেখাচ্ছিল দেলওয়ার নামের এক ছেলেকে। নিজের নাম বলে বয়স পর্যন্ত বলে দিতে পারছে সে। কিন্তু বাড়ি আর মা-বাবার নাম বলতে গিয়েই আটকে যায় কথা। চেহারা ও চলাফেরায় সম্ভ্রান্ত ঘরের ছেলে বলে মনে হয় দেলওয়ারকে।
সেফহোমে আইনি সহায়তা দিচ্ছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরিনা আক্তার। তিনি বলেন, ‘এরা তো অনাথ নয়। যতবার এদের মুখের দিকে তাকাই, ততবারই মনে হয়, ইশ্, ওরা যদি ফিরে পেত ওদের ঠিকানা, তাহলে কী আনন্দই না হতো!’
শেষ পর্যন্ত এরা ঠিকানা ফিরে না পেলে বা আপনজন কাউকে না পাওয়া গেলে যথারীতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদের বেড়ে উঠতে হবে। সেফহোম থেকে শিশু বয়স (১৮ বছর) পার হলে তাদের দেওয়া হবে পুনর্বাসন কেন্দ্রে। সেখান থেকে ভবিষ্যতে নিজের জীবন নিজেকেই গড়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে ওদের। ১১ জনের ভবিষ্যৎ সম্পর্কে আইনি এ প্রক্রিয়ার কথা এভাবেই জানাল সেফহোম কর্তৃপক্ষ।