ফিরতে চায় মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটি
মাটি

নয় বছর আগের কথা! ছেলেটির বয়স তখন সাত বছর। নাম মাটি। মা-বাবার সঙ্গে মেলায় গিয়ে হারিয়ে যায়। একপর্যায়ে পাচার হয় ভারতে। ১৫ বছর বয়সী মাটি সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে এসেছে। ছিল পাবনার চাটমোহর থানা পুলিশের হেফাজতে। মা-বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে সে।
মাটির বরাত দিয়ে চাটমোহর থানার পুলিশ জানায়, ছোট থেকেই পরিবারের সদস্যরা তাকে মাটি বলে ডাকত। বাবার নাম জসিম খান। তিনি ছিলেন কাঠমিস্ত্রি। বাড়ি মৌলভীবাজার জেলায়। উপজেলা, গ্রামের নাম বলতে পারেনি। সাত বছর বয়সে সে মা-বাবার সঙ্গে মৌলভীবাজারে মেলা দেখতে গিয়ে হারিয়ে যায়। একজন অপরিচিত লোক তাকে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে ভারতে পাচার করে। সেখানে একটি বদ্ধ মাদক কারখানায় বেড়ে ওঠে মাটি। মাদক তৈরি, বোতলজাত করা, আগ্নেয়াস্ত্র পরিষ্কারসহ নানা অপরাধমূলক কাজ করতে হয় তাকে। তিন মাস আগে কারখানা থেকে পালালে কলকাতা পুলিশ মাটিকে আটক করে। কারাভোগের পর কলকাতা থেকে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। দেশে আসার পর কিছু লোক তাকে ট্রাকে তুলে খুলনায় পাঠায়। সেখান থেকে রোববার সন্ধ্যায় সে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠে। টিকিট না থাকায় ট্রেন কর্তৃপক্ষ তাকে পাবনার চাটমোহর স্টেশনে নামিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, ‘ আদালত গতকাল মঙ্গলবার ছেলেটিকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন তাকে সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে।’