ফিরতে চায় রোহিঙ্গারা আছে বিরোধিতাও
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাইছে। দেশটিতে সামপ্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তারা দেশে ফিরতে চাইছে। তবে স্বদেশে ফেরার বিরোধিতাও করছে কেউ কেউ।জানা যায়, ৯ এপ্রিল জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধিদল কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের কাছে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে অধিকাংশ রোহিঙ্গা আগ্রহ প্রকাশ করে। অবশ্য তরুণেরা এর বিরোধিতা করেন। তাঁদের দাবি, জন্মগতভাবে তাঁরা এ দেশের নাগরিক। ৮ এপ্রিল বিকেলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শরণার্থী শিবির পরিদর্শনে গেলে রোহিঙ্গারা একই আগ্রহের কথা বলেন।খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে কুতুপালং শিবিরে সরকারি তালিকাভুক্ত শরণার্থী রয়েছে ১০ হাজার ২৫০ জন। আর বেসরকারি হিসাবে সে সংখ্যা প্রায় এক লাখ। এ শিবিরের বাইরে বিভিন্ন পাহাড়ে বাস করছে আরও প্রায় ৮০ হাজার অনুপ্রবেশকারী। এ ছাড়া টেকনাফের নয়াপাড়া শিবিরে প্রায় ১৮ হাজার শরণার্থী এবং জেলার বিভিন্ন স্থানে আরও দেড় লাখ রোহিঙ্গার বসতি রয়েছে।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, রোহিঙ্গারা সরকারি পাহাড়, জঙ্গল দখল করে বসতি গড়ে তোলার পাশাপাশি চুরি, ডাকাতি, খুনসহ নানা অপরাধকর্মে জড়িত হয়ে পড়েছে। ১৯৯১ সালে কক্সবাজারে আড়াই লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিলেও এখন পর্যন্ত সবাইকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।শরণার্থী শিবিরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমপ্রতি মিয়ানমারে উপনির্বাচনে অং সান সুচির দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে উখিয়া-টেকনাফে অবস্থানরত কয়েক লাখ রোহিঙ্গার স্বদেশে ফিরে যেতে চাইছেন। সমপ্রতি কুতুপালং শিবিরে ৮৪ জন রোহিঙ্গাকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এর উদ্দেশ্য, মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ করা। কমিটির সভাপতি মৌলভী নুরুল হক অভিযোগ করেন, মিয়ানমারের উগ্রপন্থী সংগঠন আরএসওর (আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) সদস্যরা শরণার্থীদের মিয়ানমারে ফিরে না যাওয়ার ব্যাপারে প্ররোচনা দিচ্ছে।কুতুপালং শরণার্থী শিবিরের ১ নম্বর শেডের বাসিন্দা নূরুল আফছার ও নূরুল আলম বলেন, ‘আমাদের বয়স ১৯-২০ বছর। মিয়ানমার তো কখনো চোখেও দেখি নাই। তা ছাড়া শুনেছি, ওখানে সামরিক শাসন চলছে। মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়। ওখানে যাব কেন!’উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী জানান, উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে বর্তমানে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাস করছেন। ২০০৫ সালের মে থেকে তাঁদের প্রত্যাবাসন বন্ধ রয়েছে। এ সুযোগে রোহিঙ্গারা পাসপোর্ট সংগ্রহ করে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। এরা বিদেশে অপরাধ সংঘটিত করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে তাঁরা আন্দোলন করে আসছেন।কুতুপালং শরণার্থী শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাম্প ইনচার্জ) জালাল উদ্দিন জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলাপ-আলোচনা চলছে।