ফিরতে শুরু করেছে দক্ষিণের মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকায় ঢাকায় ফিরেই কর্মব্যস্ত হয়ে পড়তে হয়েছে অনেককে। তবে এখন পর্যন্ত ঢাকায় ফেরা মানুষের সংখ্যা খুবই কম।
ঈদের ছুটির শেষে দক্ষিণাঞ্চলের ২২ জেলা থেকে রাজধানীমুখী মানুষের আনাগোনা শুরু হয়েছে নদীবন্দরগুলোয়। আজ মঙ্গলবার ভোররাত থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দরে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ এসেছে ৭৬টি। তবে লঞ্চগুলোয় এখনো যাত্রীর চাপ কম।
ঢাকার নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবদিন প্রথম আলোকে বলেন, আজ থেকে মানুষ ফিরতে শুরু করেছে। তবে যাত্রীর চাপ কম। আজ ২২টি জেলার দুই লাখের মতো মানুষ রাজধানীতে ফিরছে।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী বলেন, নদীপথের যাত্রীদের নিরাপত্তার জন্য নৌ পুলিশ ভোররাত থেকেই তৎপর আছে।
এদিকে নাব্যতার সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাট রুটে। পদ্মায় কিছু কিছু জায়গায় চর জেগে ওঠায় বেশির ভাগ ফেরি চলাচল বন্ধ হয়ে আছে। এতে উভয় পাড়ে প্রায় তিন শতাধিক যানবাহন ফেরি পারাপারে অপেক্ষায় আছে।
মাওয়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. মহীউদ্দীন প্রথম আলোকে বলেন, যানবাহন পরিবহনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ১৯টি ফেরির মধ্যে ছয়টি ফেরি চলাচল করছে। চর জেগে ওঠায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে নাব্যতার সংকট সমাধানে ড্রেজিংয়ের কাজ চলছে। সমস্যা দূর হলেই ফেরি চলাচল শুরু হবে।