ফিরিয়ে আনা হলো তিন আসামিকে
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কলেজছাত্রী হেমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান তিন আসামিকে ফেরত দিয়েছে ভারত। তাঁরা হলেন: রাশেদুল ইসলাম, বাবু মিয়া এবং নুরুল ইসলাম। গত শুক্রবার রৌমারী থানা থেকে তাঁদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন মাস আগে রৌমারী ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী হেমা খাতুনকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার পর ওই তিনজন আসামি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনুপ্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের আটক করে পুলিশে দেয়। এরপর সেখানে তিন মাস জেলে থাকার পর গত বৃহস্পতিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাঁদের বিজিবি জওয়ানদের হাতে তুলে দেয়। ওই দিনই বিজিবি তাঁদের রৌমারী থানা পুলিশে সোপর্দ করে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় বলেন, ওই আসামিদের সরকার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ফেরত আনার চেষ্টা চালায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চর নতুন বন্দর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই তিনজন আসামিকে ফেরত দেয় বিএসএফ। আসামিদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা হেমা খাতুনকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত ২৮ জুন উপজেলার বাইটকামারী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হেমা খাতুন ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে। গত ৩০ জুন রৌমারী লক্ষ্মী সিনেমা হলের পাশের একটি পরিত্যক্ত পাম্প হাউস থেকে বস্তাবন্দী অবস্থায় হেমার লাশ উদ্ধার করে পুলিশ।